কেসং শিল্প এলাকা খুলে দিতে দুই কোরিয়া একমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেসং শিল্পাঞ্চল আবার খুলে দিতে রাজি হয়েছে দুই কোরিয়া। ছবি: রয়টার্স
কেসং শিল্পাঞ্চল আবার খুলে দিতে রাজি হয়েছে দুই কোরিয়া। ছবি: রয়টার্স

কেসং যৌথ শিল্প এলাকা আবার খুলে দিতে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সিউলের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি আজ বুধবার এ খবর জানায়।

দেশ দুটির মধ্যে রাজনৈতিক উত্তেজনার জের ধরে গত এপ্রিলে উত্তর কোরিয়া তাদের শ্রমিকদের প্রত্যাহার করার পর থেকে এ এলাকাটির কাজ বন্ধ আছে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় আজ বুধবার বলেছে, শিল্প এলাকাটি খুলে দেওয়ার জন্য পাঁচ দফা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে কবে এলাকাটি খুলে দেওয়া হবে, তা জানানো হয়নি। দেশ দুটির মধ্যে ছয় দফা বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, চুক্তিতে দুই দেশের প্রতিনিধিদলের প্রধানেরা স্বাক্ষর করেছেন। চুক্তিতে কী বলা হয়েছে, তা এখনো পুরোপুরি জানা না গেলেও এতটুকু নিশ্চিত যে, ভবিষ্যতে কেসংয়ে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, চুক্তি অনুযায়ী, কেসং বন্ধ থাকার জন্য দুদেশের আর্থিক ক্ষতি নিরূপণে একটি যৌথ কমিটি গঠন করা হবে।
কেসং শিল্পাঞ্চলটির অবস্থান উত্তর কোরিয়ার ভেতরে। এতে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ১২৩টি কারখানা আছে, যেগুলোতে কমপক্ষে ৫০ হাজার উত্তর কোরীয় শ্রমিক নিয়মিতভাবে কাজ করেন।
এ বছরের ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞার ঘটনা এবং দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়া গত এপ্রিলে কেসং থেকে তার শ্রমিকদের প্রত্যাহার করে নিয়েছিল। এরপর এলাকাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিবিসি জানায়, আজ সকালে সিউল কারখানার মালিকদের বন্ধজনিত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পিয়ংইয়ং চুক্তিতে একমত হওয়ার ঘোষণা দেয়। মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার অর্থ হলো, কেসংয়ে চিরতরে কারখানা বন্ধ করার সিদ্ধান্ত পাকা করা। এভাবে কারখানা বন্ধ হলে উত্তর কোরিয়ার বহু শ্রমিক হঠাত্ করে কর্মহীন হয়ে যাবে, যা অর্থ সমস্যায় জর্জরিত দেশটির জন্য বিরাট হুমকি। তবে উত্তর কোরিয়া গত সপ্তাহেই বলেছিল, কেসং খুলে দেওয়ার সিদ্ধান্ত হওয়া উচিত দুদেশের কল্যাণের কথা বিবেচনা করে।