কোরিয়া অঞ্চলে যুদ্ধ বাধলে বিপর্যয় নেমে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ছয় দশকের বেশি সময় ধরে উত্তর কোরিয়ার সঙ্গে একটা অস্বস্তিকর নীরবতা বজায় রেখেছে। তাই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি মোটেও নতুন নয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া কঠিন। সম্প্রতি তাঁরা যে তীব্র বাগ্‌যুদ্ধে লিপ্ত হয়েছেন, তাতে মনে হচ্ছে যেকোনো সময় ভুল-বোঝাবুঝির জেরে চরম বিপর্যয়ের দুঃস্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। 

উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার বলে দিয়েছে, তারা প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়ামের উদ্দেশে জাপানের ওপর দিয়ে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা সফল করবে। এর আগে ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ংয়ের যেকোনো হুমকির এমন প্রচণ্ড জবাব দেওয়া হবে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি।

এই বাদানুবাদের আগে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ, দেশটি আগের সব হুঁশিয়ারি অমান্য করেই একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছুড়েছে। বোমা সহযোগে এগুলোর সাহায্যে যুক্তরাষ্ট্র অবধি আঘাত হানা সম্ভব। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের বাগ্‌যুদ্ধ সত্ত্বেও মার্কিন সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া বা এশিয়ার কোথাও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি। তবে উত্তর কোরিয়ার তর্জন-গর্জনের জেরে ভুল-বোঝাবুঝির ঝুঁকি আছে। পরিণামে ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের চেয়ে বেশি ভয়াবহ মাত্রার লড়াই শুরু হয়ে যেতে পারে।