কোয়েলা রক্ষায় কোয়েলা নিধন

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভিক্টোরিয়া রাজ্যে কোয়েলার সংখ্যা এত বেড়ে গেছে যে এই প্রাণীর ব্যাপক হারে না খেয়ে মরার আশঙ্কা দেখা দিয়েছে। এই যন্ত্রণা থেকে রেহাই দিতে কর্তৃপক্ষ এর মধ্যে প্রায় ৭০০ কোয়েলা নিধন করেছে। আজ বুধবার রাজ্যটির একজন মন্ত্রী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ভিক্টোরিয়ার পরিবেশমন্ত্রী লিসা নেভিল জানান, কেপ ওটওয়ে এলাকা অতিথি কোয়েলায় পূর্ণ হয়ে গেছে। অবশিষ্ট কোয়েলাদের দুর্দশা থেকে বাঁচাতে হস্তক্ষেপের প্রয়োজন ছিল। কারণ, তারা পর্যাপ্ত খাবার পাচ্ছিল না। কেপ ওটওয়ে এলাকায় প্রতি হেক্টরে প্রায় ২০টি কোয়েলা বেড়ে গিয়েছিল বলে জানান নেভিল। তিনি জানান, মোট ৬৮৬টি কোয়েলাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। এরপর কোয়েলা বিশেষজ্ঞ ও প্রাণী কল্যাণে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পশু চিকিৎসকদের মাধ্যমে সেগুলোকে নিধন করা হয়।
এদিকে কেপ ওটওয়ের বিমবি পার্ক ক্যারাভান পার্কের পরিচালনাকারী ফ্রাঙ্ক ফটিনাস বলেন, অনাহারে ও প্রাকৃতিক অন্যান্য কারণে কোয়েলাগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছিল। পুরো কেপ এলাকায় মৃত কোয়েলার গন্ধ পাওয়া যায়।