কোটি ডলারে বিক্রি এলিজাবেথ টেলরের মুক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের প্রয়াত অভিনেত্রী এলিজাবেথ টেলরের একটি বড় মুক্তা নিলামে এক কোটি ১৮ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছে। গত মঙ্গলবার নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি এই নিলামের আয়োজন করে।১৯৬৯ সালে অভিনেতা রিচার্ড বার্টন স্ত্রী এলিজাবেথ টেলরের জন্য ওই মুক্তাটি কিনেছিলেন। ষোড়শ শতকের এই মুক্তাটি একসময় ইউরোপীয় রাজপরিবারের কোনো কোনো সদস্যের গলায় শোভা পেয়েছে। কয়েক শতক ধরে বিভিন্ন শিল্পকর্মে ‘লা পেরেগরিনা’ নামে নাশপাতি আকারের এই সাদা মুক্তাটির বর্ণনা দেওয়া হয়েছে। ক্রিস্টির ধারণা ছিল, মুক্তাটি ৩০ লাখ ডলারে বিক্রি হবে। তবে তাদের প্রত্যাশাকে ছাপিয়ে এটি কোটি ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। এলিজাবেথ টেলর তাঁর অলংকার ও হীরাপ্রীতির জন্য পরিচিত। বিশ্বের অনেক দামি রত্নও তাঁর সংগ্রহে ছিল। ২০০৩ সালে তিনি এলিজাবেথ টেলর: মাই লাভ অ্যাফেয়ার উইথ জুয়েলারি নামে একটি বই প্রকাশ করেন।পোশাক, অলংকার আর স্বতন্ত্র জীবনযাপন নিয়ে এলিজাবেথ টেলর হয়ে উঠেছিলেন ফ্যাশন আইকন। গত মার্চে টেলরের মৃত্যু হয়। এরপর নিউইয়র্কে তাঁর অলংকার ও পোশাক নিলামে তোলার আয়োজন করে ক্রিস্টি। চার দিনের এই নিলামে ২৬৯টি অলংকারের পাশাপাশি প্রয়াত অভিনেত্রীর প্রায় ৪০০ পোশাকও তোলা হয়েছে। এগুলো প্রায় তিন কোটি ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপি ও বিবিসি।