কোটি মানুষ বিপর্যস্ত
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গত সোমবার রাতভর তাণ্ডব চালিয়েছে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় স্যান্ডি। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক নগরে মারা গেছে ১০ জন। উপকূলের অনেক এলাকা তলিয়ে গেছে। তলিয়ে গেছে পাতাল রেল ও সুড়ঙ্গপথ। ঘূর্ণিঝড়কবলিত ১৩টি রাজ্যে ৬৫ লাখ বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে যায় এক কোটির বেশি মানুষ। তবে গতকাল স্যান্ডি ক্রমে দুর্বল হয়ে কানাডার দিকে অগ্রসর হচ্ছিল।স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ছয়টা) ঘূর্ণিঝড় উপকূলে পৌঁছানোর সময় রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউইয়র্ক শহরের নিচু এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটি চলে যায় প্রায় আট ফুট পানির নিচে।এসব এলাকার পৌনে চার লাখ অধিবাসীকে ২৪ ঘণ্টা আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ককে ‘মহা দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা দিয়েছেন। সোমবার মধ্যরাতে নিউ জার্সি উপকূল অতিক্রম করছিল স্যান্ডি। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৯ কিলোমিটার। হারিকেন স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ১০ লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।ঝড়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা যাচ্ছে না। তবে কেউ কেউ ধারণা করছেন, ঝড়ের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় এক থেকে দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। কাজেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাকে অন্যতম করালগ্রাসী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে মনে করা হচ্ছে। ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলের শহরগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। নিউইয়র্ক শহর অচল হয়ে পড়েছে। ঝড় আঘাত হানার পরপরই জলোচ্ছ্বাসের কথা শোনা গেছে। নিউইয়র্ক ও নিউ জার্সির নিচু এলাকা তলিয়ে গেছে।বাতিল করা হয়েছে পাঁচ হাজারের মতো ফ্লাইট। বাস ও পাতাল রেলের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল-কলেজ ও স্টক এক্সচেঞ্জও বন্ধ রয়েছে। ৭৬টি স্কুলে খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র।বিদ্যুত্ সরবরাহ না থাকায় নিউইয়র্ক ইউনিভার্সিটির টিশ হসপিটাল থেকে দুই শতাধিক রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। নিউইয়র্কের কুইন্স বরোতে আগুনে অন্তত ৫০টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জানান, জলোচ্ছ্বাসের উচ্চতা পূর্বাভাসে জানানো উচ্চতার চেয়ে অনেক বেশি ছিল। পানির উচ্চতা বিপত্সীমার ওপর থাকায় নিউ জার্সির ওয়েস্টার ক্রিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পারমাণবিক বিদ্যুেকন্দ্রে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। রয়টার্স ও বিবিসি।