নরওয়েতে অনুষ্ঠিত কলম্বিয়া সরকার ও বামপন্থী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার শান্তি আলোচনা বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আগামী ১৫ নভেম্বর কিউবার রাজধানী হাভানায় ফের আলোচনায় বসার ঘোষণা দিয়েছে উভয় পক্ষ। নরওয়ে ও কিউবা শান্তি আলোচনার মধ্যস্থতা করছে।গত এক দশকের মধ্যে এটাই ছিল দুই পক্ষের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। নরওয়ের রাজধানী অসলো থেকে ৬০ কিলোমিটার উত্তরে হুরডাল শহরের একটি হোটেলে গত বৃহস্পতিবার এ আলোচনা হয়।সাত ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কলম্বিয়ার প্রধান আলোচক হাম্বার্তো ডি লা কালে সাংবাদিকদের বলেন, এটা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। আলোচনাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি মুহূর্ত। উভয় পক্ষ সামাজিক পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে। তিনি বলেন, শান্তি প্রক্রিয়ার তৃতীয় ধাপ হবে সশস্ত্র সংঘাত বন্ধে চুক্তি সই করা। এই চুক্তির বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, সরকার চায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমাধান। তারা কখনোই এটা আশা করছে না যে উভয় পক্ষ সব ইস্যুতে ঐকমত্যে পৌঁছাবে।অন্যদিকে ফার্ক প্রতিনিধিদলের প্রধান ইভান মার্কুয়েজ বলেন, শান্তি প্রতিষ্ঠার আগ্রহ নিয়েই রিভাল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি-ফার্ক) আলোচনায় এসেছে। ফার্করা স্থায়ী ও স্থিতিশীল শান্তি চায়। তবে তিনি এ-ও বলেন, ‘শান্তি মানে এই নয়—অস্ত্রকে গুটিয়ে রাখতে হবে।’এর আগে তিনবার সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত বন্ধের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ উদ্যোগ ভেস্তে যায় ২০০২ সালে। টানা তিন বছরের চেষ্টার পর ওই দফার আলোচনা ব্যর্থ হয়। পরে এ বছরের ফেব্রুয়ারিতে ফের আলোচনার প্রক্রিয়া শুরু হয়।আলোচনায় সশস্ত্র সংঘাত বন্ধ, ভূমি সংস্কার, বিরোধীদের রাজনীতি করার নিশ্চয়তা, নাগরিক অংশগ্রহণ, মাদক পাচারের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। বিবিসি ও আল-জাজিরা।