কোনো কিছুই অসম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরিব্রাল পালসিতে (অপরিণত মস্তিকে আঘাতের ফলে পরবর্তীতে শারীরিক প্রতিবন্ধিতা) আক্রান্ত তিনি। শরীরের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ অচল। জীবনে কোনো দিন স্কুলে যাননি। কম্পিউটারের সহযোগিতা ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তার পরও অসাধ্য সাধন করেছেন। দিনের পর দিন ঠোঁট দিয়ে কম্পিউটারের কি-বোর্ড চেপে একটি প্রেমের উপন্যাস লিখেছেন তিনি। অনলাইনে সেই উপন্যাস পড়েছে বহু পাঠক। খুব শিগগির উপন্যাসটি বই আকারে প্রকাশ করা হবে।উপন্যাসের রচয়িতা ১৮ বছরের এক তরুণী। নাম ওয়াং কিয়ানজিন। বাড়ি চীনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াং এলাকায়। কিয়ানজিন তাঁর উপন্যাসের নাম দিয়েছেন দি এক্সাইল্ড ফেইরি। এক ধনীর দুলালীর সঙ্গে অপরাধী চক্রের এক সদস্যের প্রেমকাহিনি তাঁর উপন্যাসের উপজীব্য। কিয়ানজিন জানান, প্রতিটি অধ্যায় লেখার পর অনলাইনে প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিন লাখ ৪০ হাজার পাঠক অনলাইনে এ উপন্যাস পড়েছে। উপন্যাসটি প্রকাশ করতে একজন প্রকাশক আগ্রহী হয়ে উঠেছেন। তিনি কিয়ানজিনকে উপন্যাস প্রকাশের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছেন। নিজের চেষ্টায় চীনা বর্ণমালার সঙ্গে পরিচিত হয়েছেন কিয়ানজিন। শিখেছেন জাপানি ও কোরীয় ভাষাও। ভাষাশিক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘আমি প্রচুর টিভি নাটক দেখেছি। যেসব নাটকে সাব-টাইটেল থাকত, সেগুলো থেকে শব্দের উচ্চারণ শিখেছি। ভাষার গঠনশৈলী লক্ষ করেছি। তারপর নিরলস চেষ্টা। এভাবে ভাষা রপ্ত করেছি আমি। খাওয়া-দাওয়া ও ঘুম ছাড়া আমি কম্পিউটারে সবটুক সময় কাটাই।’কিয়ানজিনের প্রতিভা তাঁর বাবা ওয়াং ইউনকি ঘুণাক্ষরেও টের পাননি। তিনি বলেন, ‘আমার মেয়ে সারাক্ষণ ঘরে কাটিয়েছে। কোনো দিন স্কুলে যায়নি। সে কিনা লিখতে শিখেছে। এমনকি উপন্যাস লিখতে পারে সে, সত্যিই অবিশ্বাস্য।’ অরেঞ্জ অনলাইন।