
থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনী কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। থাই সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার থানাসাক পাতিমাপ্রাকর্ন গতকাল শনিবার সশস্ত্র বাহিনীর এক সেমিনারে বিষয়টি স্পষ্ট করেন।
এদিকে সরকারবিরোধী আন্দোলনের প্রধান নেতা সুথেপ থগসুবান গতকাল আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।
রাজধানী ব্যাংককে গতকাল এক সেমিনারে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার বলেন, ‘আমরা আইনের আওতায় আছি। আমরা জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান করি। দেশের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে বর্তমান সংকট সঠিক ও স্থিতিশীলভাবে সমাধান করতে হবে। আমরা আবার পুরোনো বৃত্তে ফিরতে চাই না।’ আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচন হওয়া উচিত কি না, সে ব্যাপারে মন্তব্য করেননি থানাসাক।
একই সেমিনারে অংশ নিয়ে সুথেপ থগসুবান বলেন, এর আগে একই ধরনের পরিস্থিতিতে সামরিক বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। থানাসাকের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভূমিকা রাখলে জনগণ প্রশংসা করবে।’ এর জবাবে থানাসাক বলেন, কোনো পক্ষ নেওয়া নয়, থাই জনগণকে সহায়তা করাই সামরিক বাহিনীর কাজ।
থাইল্যান্ডের রাজনীতিতে সশস্ত্র বাহিনীর প্রভাব ব্যাপক। দেশটিতে গত ৮০ বছর সশস্ত্র বাহিনী ১৮টি অভ্যুত্থান ঘটিয়েছে বা অভ্যুত্থানের চেষ্টা করেছে। কয়েক দিন আগে সেনাবাহিনী বর্তমান সংকটে সম্পৃক্ত হতে অনীহার বিষয়টি জানিয়েছে।
সুথেপ গতকাল সেমিনারে যোগ দেওয়ার আগে ব্যাংককের থামাসাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের একটি ফোরামে বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, বর্তমান সরকারের দেশ চালানোর কোনো বৈধতা নেই। থাইল্যান্ডে এখন কোনো সরকার নেই, পার্লামেন্ট নেই। দেশে ইতিমধ্যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী ইংলাক আজ রোববার জাতীয় সংস্কার ফোরাম গঠনের ব্যাপারে বৈঠক করবেন। এতে অংশগ্রহণের জন্য সুথেপকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সুথেপ বলেন, ‘জাতীয় সংস্কার ফোরাম নতুন কিছু নয়। আমরা তাঁর আমন্ত্রণ গ্রহণ করছি না। সমঝোতা করছি না।’ ইংলাক প্রধানমন্ত্রী হলেও তাঁর বড় ভাই থাকসিনের ইঙ্গিতেই দেশ চলছে অভিযোগ এনে আন্দোলন শুরু করে সরকারবিরোধীরা। এই আন্দোলন থামাতে ইংলাক গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেন। দেশটিতে ২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন প্রত্যাখ্যান করে অনির্বাচিত পিপলস কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ চালাচ্ছে বিরোধীরা।
ব্যাংককের রামকামহেং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক বোনিয়াকিয়াত কারাভেকবান বলেন, সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতিতে এ সংকট থেকে দূরেই থাকতে চাইছে। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে থাইল্যান্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রয়টার্স।