কোনো বাধাই বাধা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগের ঘটনা। ২০০৮ সালের ১২ মে চীনের সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে আট মাত্রার এই ভূমিকম্পে ৬৮ হাজার লোকের প্রাণহানি ঘটে। আহত হয় কয়েক সহস্রাধিক মানুষ।তাদেরই একজন দাই গুয়োহং। ভূমিকম্পের সময় স্কুলে ছিলেন তিনি। ভূমিকম্পে স্কুলের ছাদ ধসে পড়লে ইট-পাথরের নিচে চাপা পড়ে স্কুলের শিক্ষার্থীরা। এতে গুয়োহং অল্পের জন্য বেঁচে গেলেও তাঁর ২৬ জন সহপাঠী মারা যান।প্রাণে বেঁচে গেলেও আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় গুয়োহংকে। ইট-পাথরের চাপে তাঁর দুটি পা-ই গুঁড়ো হয়ে যায়। কয়েক দফা অস্ত্রোপচারের পরও কাজ হয়নি। শেষ পর্যন্ত তাঁর পা দুটিই কেটে ফেলতে হয়।নতুন জীবনের সংগ্রামও শুরু সেখানে। স্থানীয় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের একজন প্রশিক্ষকের নজরে আসেন তিনি। ওই প্রশিক্ষক গুয়োহংকে তাঁর তত্ত্বাবধানে নিয়ে গিয়ে সাঁতারের প্রশিক্ষণ দেন। অদম্য আগ্রহ আর পরিশ্রমের ফলে একপর্যায়ে সাঁতারে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন গুয়োহং। প্রতিবন্ধী সাঁতারুদের শীর্ষ কাতারে চলে আসেন তিনি।অক্লান্ত সাধনা আর পরিশ্রমের ফল পেয়ে গেছেন গুয়োহং। এখন তাঁর বয়স ১৮ বছর। আগামী বছরই তিনি লন্ডন প্যারা অলিম্পিকে চীনের প্রতিনিধিত্ব করবেন। অরেঞ্জ অনলাইন।