কোমা থেকে ফিরলেন তিনি!

মাথায় গুলি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৭ বছর বয়সী টিনা ফ্রস্ট। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের চেষ্টায় প্রায় দুই সপ্তাহ পর কোমা থেকে ফিরে এসেছেন তিনি।
১ অক্টোবর লাস ভেগাসে কনসার্টে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন মেরিল্যান্ডের এই বাসিন্দা। ওই হামলায় ৫৮ জন নিহত ও পাঁচ শতাধিক মানুষ আহত হয়। ওয়াশিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফ্রস্টের পরিবারের তরফ থেকে জানানো হয়, টিনার জখম এতটাই মারাত্মক ছিল যে চিকিৎসকেরা তাঁর ডান চোখটি অপসারণ করতে বাধ্য হন। সেখানে একটি বুলেট বিদ্ধ হয়েছিল। গুলি লাগার এক দিন পর ফ্রস্ট নিজে থেকে শ্বাস নিতে পারছিলেন না। পরে তাঁকে কোমায় নেওয়া হয়।
ফ্রস্টের মা মেরি মোরেল্যান্ড বলেন, ‘এ ঘটনার পর কয়েক দিনের মধ্যে টিনা কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, চিকিৎসকেরা তা জানার চেষ্টা করেন। কিন্তু তখন পর্যন্ত আমরা জানতাম না তাঁর মস্তিষ্কের কতটা ক্ষতি হয়েছে।’ চিকিৎসকেরা প্রথমেই সতর্ক করে দিয়েছিলেন যে তাঁর ভালো হয়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
ওই সন্ত্রাসী হামলার পরদিন লাস ভেগাসের সানরাইজ হাসপাতালের একজন নিউরো সার্জন বার্তা সংস্থা সিএনএনকে জানিয়েছিলেন, ‘দুর্ভাগ্যবশত, কিছু মানুষকে কখনো ফেরানো যায় না।’
কিন্তু মেরিল্যান্ডের সাবেক ফুটবল খেলোয়াড় টিনা ফ্রস্ট সবাইকে অবাক করে দিয়েছেন। তিনি গুরুতর আহত হওয়ার কয়েক দিন পরই চিকিৎসকেরা তাঁর বাঁ চোখের ব্যান্ডেজ খুলে দেন। তখন তাঁর রেটিনা স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। আর তিনি নিজ থেকেই শ্বাস নিতে শুরু করেন। তাঁর পরিবার থেকে ক্রমাগত উন্নতির একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ৭ অক্টোবর তাঁর কিডনি ও লিভার কাজ শুরু করে। ১০ অক্টোবর থেকে তিনি নির্দেশনা অনুযায়ী তাঁর পা সামনে-পেছনে করতে পারছেন। ১৩ অক্টোবর তিনি সবচেয়ে আশ্চর্যজনক কাজটি করেন। আহত হওয়ার পর এই প্রথম তিনি নার্সের সাহায্যে হাঁটা শুরু করেন। তখন তিনি মোট ছয় কদম হাঁটেন। চেয়ারের দিকে তিন ধাপ যান এবং হাসপাতালের বিছানার দিকে তিন ধাপ পেছনে আসেন।
ফ্রস্টের এমন দ্রুত আরোগ্য লাভকে অলৌকিক বলে মনে করছেন ওই হাসপাতালের চিকিৎসক নিউরো সার্জন ব্লুম।