ইউরোপের কোনো কোম্পানির বোর্ডে ৪০ শতাংশ নন-এক্সিকিউটিভ কর্মকর্তা হবেন নারী। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এমন একটি প্রস্তাব পাস করেছে। ২০২০ সালের মধ্যে বড় কোম্পানিগুলোতে এই নীতিমালা কার্যকর হবে। গত মাসে বিচার বিভাগীয় কমিশনার ভিভিয়েন রেডিং এই নীতিমালা করার জন্য আবেদন করেন। তখন আইনপ্রণেতারা ধারণা করেছিলেন, নীতিমালা প্রণয়ন করে কোটা বরাদ্দ করা সম্ভব না-ও হতে পারে।অনুমোদিত নীতিমালা অনুযায়ী, কোনো কোম্পানি কোটা পূরণে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট রাষ্ট্রের ওপর। ভিভিয়েন রেডিংয়ের মতে, এটি একটি বড় পদক্ষেপ। তবে এখনো ইউরোপীয় পার্লামেন্ট ও মন্ত্রিসভার মাধ্যমে এর অনুমোদন বাকি আছে। কিন্তু তিনি এটি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে আশাবাদী।প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, কোম্পানিতে কর্মচারীর সংখ্যা আড়াই শর কম হলে এ নিয়ম খাটবে না। আবার স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত নয়, এমন প্রতিষ্ঠানগুলোও এর বাইরে থাকবে। এ প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাজ্যসহ ইইউর নয়টি সদস্যরাষ্ট্র। বিবিসি।