পাকিস্তানের কোয়েটা শহরে শিয়াদের ওপর বোমা হামলায় নিহত ৮৯ জনের দাফন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। শিয়াদের বিরুদ্ধে হামলা ঠেকাতে সরকার ব্যর্থ হওয়ায় তিন দিনের বিক্ষোভ শেষে নিহত ব্যক্তিদের লাশ দাফন করা হয়।গত শনিবার কোয়েটায় শিয়াদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৮৯ জন নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে নিহত ব্যক্তিদের লাশ দাফন না করে শিয়া সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ অব্যাহত রাখে। সরকারের অনুরোধের পরও তারা লাশ দাফনে অস্বীকৃতি জানায়। তবে শিয়া নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গতকাল লাশ দাফন করে। গতকাল লাশ দাফনের জন্য কোয়েটায় চার হাজারের বেশি মানুষ সমবেত হয়। এ সময় কিছু বিক্ষুব্ধ মানুষ একজন সরকারি কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ লোকজনকে দমাতে ব্যর্থ হয়ে আকাশে ফাঁকা গুলি ছোড়েন। পাকিস্তানের কয়েকজন মন্ত্রী শনিবারের হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁদের এই অঙ্গীকারের পর শিয়া নেতারা লাশ দাফন করতে সম্মত হন। এএফপি।