মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন কোরআন পোড়ানো এবং নারী-শিশুসহ ১৬ জন বেসামরিক আফগান হত্যার ঘটনা ‘গভীর সংকটময়’ পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, এ ঘটনা আফগান যুদ্ধের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।গতকাল বুধবার আফগানিস্তান সফরকালে ক্যাম্প লেদারনেকে মেরিন, ন্যাটো ও আফগান সেনাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্যানেট্টা এ কথা বলেন।একজন মার্কিন সেনার এলোপাতাড়ি গুলিতে ১৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার কয়েক দিন পর আফগানিস্তান সফরে গেলেন প্যানেট্টা। তিনি দাবি করেন, এ লড়াইয়ে ন্যাটো ও আফগান সেনাদের অগ্রগতি হয়েছে। আল-কায়েদাকে পরাজিত করতে এবং তালেবান জঙ্গিদের হামলা রোধে এই লড়াই চালিয়ে যেতে হবে। প্যানেট্টা বলেন, এসব ঘটনার প্রতিটিই গভীর সংকটপূর্ণ। তিনি বলেন, ‘এসব পৃথক ঘটনা লক্ষ্য থেকে আমাদের টলাতে পারবে না। শত্রুর মোকাবিলায় আমাদের পরীক্ষা দিকে হবে, তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’ এরপর হেলমান্দ প্রদেশের নেতাদের সঙ্গেও আলোচনা করেন প্যানেট্টা। পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটলের ভাষ্যমতে, এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। লিটল বলেন, ‘নেতাদের সঙ্গে আলোচনার সময় প্যানেট্টা জানিয়ে দেন, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাঁদের পাশে আছে। সামপ্রতিক সময়ের এসব ঘটনা লক্ষ্যে পৌঁছাতে বিঘ্ন ঘটাতে পারবে না। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ আফগান যুদ্ধে জয়ী হতে প্রচেষ্টার জন্য সেনাদের ধন্যবাদ জানিয়ে প্যানেট্টা বলেন, ‘আমাদের কৌশল কাজ করছে।’পৃথক বোমায় নিহত ৯: গতকাল হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া কান্দাহারে মোটরসাইকেল বোমা বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও দুজন আহত হন।হেলমান্দের প্রাদেশিক মুখপাত্র দাউদ আহমাদি এএফপিকে বলেন, মারজা এলাকায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে একটি মিনি ভ্যান উড়ে যায়। এ ঘটনায় ওই আটজন নিহত হন। এর কয়েক মিনিট আগে কান্দাহারে ওই হামলা চালানো হয়। এএফপি।