কোস্টারিকায় ‘ভোজ্য পতঙ্গ’ চাষ করছেন বিজ্ঞানীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্তোরাঁয় খেতে গেছেন। সেখানকার খাবারের তালিকায় দেখলেন মসলাদার ঘাসফড়িং অথবা শুঁয়োপোকা ভাজির নাম। অনেকের কাছেই কল্পনা মনে হতে পারে। কিন্তু লাতিন আমেরিকার দেশ কোস্টারিকায় এমন দিনের জন্য হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। কারণ, বিজ্ঞানীরা সেখানে মানুষের খাওয়ার উপযোগী পোকামাকড় চাষের ব্যাপারে কাজ করছেন।আফ্রিকার অনেক এলাকাতেই স্থানীয় বাসিন্দাদের খাদ্য তালিকায় পোকামাকড় রয়েছে। আর সেখান থেকেই এ ধরনের গবেষণার অনুপ্রেরণা পেয়েছেন পতঙ্গবিদ ম্যানুয়েল জুম্বাদো। তাঁর এ গবেষণাকাজের জন্য আদর্শ স্থান কোস্টারিকা। কারণ, সেখানকার বনাঞ্চলে রয়েছে অসংখ্য প্রজাতির কীটপতঙ্গ। অনেক প্রজাতি এখনো চিহ্নিত করাও সম্ভব হয়নি।কোস্টারিকার সান্তো দোমিঙ্গো ডে হেরেদিয়ায় ন্যাশনাল বায়োডাইভার্সিটি ইনস্টিটিউটের খাদ্য বৈচিত্র্য কর্মসূচির আওতায় খাদ্যোপযোগী পোকামাকড়ের ব্যাপারে গবেষণা চলছে। পাশাপাশি মাশরুম নিয়েও গবেষণা করছেন সেখানকার বিজ্ঞানীরা। এ ব্যাপারে ভুটানে মাশরুমের সাফল্য থেকে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন।ইনস্টিটিউটে ভুটানের ছত্রাকবিদ উজয়ন ইয়াংচেন ও বেনিনের পতঙ্গবিদ এলিজাবেথ জান্নোর সঙ্গে কাজ করছেন কোস্টারিকার বিজ্ঞানীরা। আফ্রিকার দেশ বেনিনের সঙ্গে কোস্টারিকার ঐতিহাসিক যোগাযোগ রয়েছে। কারণ, ঔপনিবেশিক আমলে বেনিন থেকে অনেক মানুষকে দাস হিসেবে আনা হয় কোস্টারিকায়।গবেষণা কার্যক্রমের সমন্বয়কারী ফাউন্ডেশনের ব্যবস্থাপক মারিয়ানেলা ফিওলি বলেন, ‘খাদ্য হিসেবে পতঙ্গ কেমন, এ ব্যাপারে বেনিনবাসীর বিস্তর অভিজ্ঞতা রয়েছে। আর ভুটানের মানুষ জানে, কীভাবে মাশরুম খেতে হয়। দুই দেশ থেকে বিজ্ঞানীদের এনে এ ধরনের বৈচিত্র্যময় খাবার সম্পর্কে জানার চেষ্টা করছে কোস্টারিকা।’পতঙ্গবিদ জুম্বাদো বলেন, বেনিনে ঘাসফড়িং, শুঁয়োপোকা, উইপোকা ও প্রজাপতি মানুষের খাদ্যতালিকার সাধারণ খাবার। গবেষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শুরুতে মানুষ ভাবত, আমরা হয়তো পাগলামি করছি। কিন্তু আমি মনে করি, এটি শুধু বিকল্প খাদ্য উত্স নয়, একটি সাংস্কৃতিক ধারণাও তৈরি করবে।’ এএফপি।