কোয়েটায় বন্দুকধারীদের গুলিতে ১০ শিয়াসহ ১১ জন নিহত
পাকিস্তানে গতকাল শনিবার অস্ত্রধারীদের বেপরোয়া গুলিতে শিয়া সম্প্রদায়ের ১০ ব্যক্তিসহ ১১ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যাস-তেলসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জামিল আহমদ আকবর বলেন, অজ্ঞাত বন্দুকধারীরা শিয়া সম্প্রদায়ের লোকজনকে বহনকারী একটি ভ্যানগাড়িতে বেপরোয়া গুলি চালাতে থাকে। এতে ভ্যানগাড়ির ১০ যাত্রী ও একজন পথচারী নিহত হয়। পরে অস্ত্রধারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে পালিয়ে যায়।ওই হামলার পর শিয়া মুসলিমদের একটি দল কোয়েটা শহরে বিক্ষোভ করে। তাঁদের কয়েকজনের হাতে বন্দুক ও লাঠি ছিল। তাঁরা রাস্তা বন্ধ করে দেন এবং কয়েকজন উত্তেজিত হয়ে একটি হোটেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে মুসলিমদের সংখ্যাগুরু সুন্নি সম্প্রদায় ও সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা চলছে। পাকিস্তানের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ শিয়া সম্প্রদায়।গত শুক্রবার কোয়েটার একটি বাসস্টপে বন্দুকধারীরা গুলি করে সাতজন শিয়া মুসলিমকে হত্যা করে। এএফপি ও রয়টার্স।