কোয়েটায় লাশ নিয়ে বিক্ষোভ শিয়া সম্প্রদায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সিরিজ বোমা হামলায় নিহতদের লাশ নিয়ে বিক্ষোভ করছেন শিয়া সম্প্রদায়ের লোকজন। গত বৃহস্পতিবার কোয়েটায় এই বোমা হামলায় হাজারা শিয়া সম্প্রদায়ের ৮৬ জন নিহত হন।গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে কোয়েটার আলামদার রোড বন্ধ করে দেওয়া হয়। দাবি অনুযায়ী নিষিদ্ধঘোষিত সংগঠন সিপাই সাহাবা এবং লস্কর-ই-জাংভির বিরুদ্ধে সেনা অভিযান চালানো না হওয়া পর্যন্ত লাশ দাফন থেকে তাঁরা বিরত থাকবেন বলে জানিয়েছেন। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সরকার হাজারা শিয়াদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি অবলম্বন করছে। কয়েক বছর থেকেই এই সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। সম্প্রদায়ের অনেকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রদেশে সেনা-সহায়তা দাবি করেছেন। সরকারের বৈষম্য নীতির পাশাপাশি সংবাদমাধ্যমেও তাঁদের দুরবস্থার কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোও তাঁদের আন্দোলনের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করছে না বলে জানানো হয়েছে।শীত-বৃষ্টি উপেক্ষা করেও কোয়েটার রাস্তায় হাজার হাজার মানুষ তাঁদের পরিবারের সদস্যদের লাশ নিয়ে ওই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে তাঁদের অংশগ্রহণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য হিন্দু।