কৌশল নির্ধারণে মিয়ানমারে ক্ষমতাসীন দলের সম্মেলন
মিয়ানমারের ক্ষমতাসীন দল ভবিষ্যৎ কৌশল নির্ধারণের লক্ষ্যে গতকাল রোববার সম্মেলন করেছে। উপনির্বাচনে বিরোধীদলীয় নেতা অং সান সু চির দলের কাছে পরাজয়ের পর নেতৃত্বের পুনর্গঠনসহ দলের রূপরেখা প্রণয়নে এ সম্মেলন করা হয়। সেনা-সমর্থিত সরকারের বেশ কিছু সংস্কারের পর মিয়ানমারে ২০১৫ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরকারের জন্য এ নির্বাচনকে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। রাজধানী নেপিডোতে দ্য ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত তিন দিনের সম্মেলনে আগামী নির্বাচন ব্যাপক গুরুত্ব পাবে।প্রেসিডেন্ট থেইন সেইন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের স্বাগত জানান। গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য থেইন পার্টি-প্রধানের পদ থেকে ইস্তফা দেন। তখন থেকে পদটি এখনো শূন্য রয়েছে। পার্টির সদস্যরা দলের কৌশল ঠিক করার পাশাপাশি একজন নতুন নেতাও নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনের আগে দলের জেনারেল সেক্রেটারি হাতয় ও জানান, ‘জনগণকে কীভাবে আরও উন্নত সেবা দেওয়া যায়, তা নিয়েই আমরা আলোচনা করব। আমরা কেবল ২০১৫ সালের নির্বাচনে জিততেই চাই না, বরং না জিতলেও কীভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, তা নিয়ে আলোচনা করব।’ এএফপি।