যু ক্ত রা জ্যে সা ধা র ণ নি র্বা চ ন ২০১০ সমর্থকদের প্রতি টনি ব্লেয়ার
কৌশলগত ভোট নয়, যাঁকে মন চায় তাঁকে রায় দিন
লেবার দলের কয়েকজন নেতা টোরিদের (কনজারভেটিভ) ক্ষমতায় যাওয়া ঠেকাতে প্রয়োজনে কৌশলগত ভোট দেওয়ার যে আহ্বান জানিয়েছেন, ব্রিটেনের সাবেক লেবারদলীয় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি যে দলকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন, তাঁর সেই দলকেই ভোট দেওয়া উচিত।দেখা গেছে, লেবার মন্ত্রিসভার সদস্যরা কৌশলগত ভোটদানের ব্যাপারে দ্বিধাবিভক্ত। গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য পরস্পরবিরোধী মত দিয়েছেন। এ প্রেক্ষাপটেই ব্লেয়ার গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মত দিলেন। এদিকে পুনর্নির্বাচনপ্রত্যাশী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও সমর্থকদের কৌশলগত ভোট দিতে নিষেধ করেছেন।ক্ষমতাসীন লেবার দলের কয়েকজন মন্ত্রী কনজারভেটিভদের ঠেকাতে কয়েকটি আসনে নিজ সমর্থকদের প্রতি লিবারেল ডেমোক্র্যাটস পার্টিকে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন। যে এলাকায় টোরিদের সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটসদের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে তাঁরা নিজেদের প্রার্থীকে ভোট না দিয়ে লিবারেল ডেমোক্র্যাটসদের ভোট দেওয়ার পক্ষে। কিন্তু তাঁদের এ পরামর্শকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ব্লেয়ার।পাশাপাশি টনি ব্লেয়ার নিক ক্লেগের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটসদের কড়া সমালোচনা করেন। ব্লেয়ার বলেন, তারা নতুন মুখোশের আড়ালে পুরোনো রাজনীতি নিয়ে আছে। নিক ক্লেগ যে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন, তাও প্রত্যাখ্যান করেন ব্লেয়ার। তিনি বলেন, লিব ডেমদের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ওই দলটির নেই।ব্লেয়ার বলেন, লেবার দলের কিছু নেতা জায়গা বিশেষে কৌশলগত কারণে লিবারেল ডেমোক্র্যাটসদের ভোট দিতে বলেছেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। তিনি যুক্তি তুলে ধরে বলেন, ‘লিবারেল ডেমোক্র্যাটসরা কি তাঁদের সমর্থকদের বলেছেন যে, ‘লেবারদের ভোট দাও’? তারা তো ঠিকই আমাদের কিছু আসন দখলের চেষ্টা করছে।’ব্লেয়ার আরও বলেন, ভোটারদের উচিত হবে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। ভোটাররা গর্ডন ব্রাউন ছাড়াও তাঁর নিজের প্রধানমন্ত্রিত্বের ব্যাপারেও যে রায় দেবেন তা স্বীকার করেন ব্লেয়ার। তিনি তাঁর সময়ে নতুন বিদ্যালয়, হাসপাতাল, শিশুকেন্দ্রসহ লেবার সরকারের বিভিন্ন অবদানের কথা স্মরণ করিয়ে দেন। ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ভুল পথে চলছে বলে মন্তব্য করেন তিনি।এদিকে গর্ডন ব্রাউন নির্বাচনী প্রচারণার শেষ দিনে উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর করার সময় বলেন, তাঁর দল লেবার পার্টি সামনে এগিয়ে যাচ্ছে এবং তাঁরা জয় আশা করছেন।টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশলগত ভোটদানের ধারণা প্রত্যাখ্যান করে ব্রাউন বলেন, তিনি সমর্থকদের লেবার পার্টিকেই ভোট দিতে বলেন, অন্য কোনো দলকে নয়। কারণ, তিনি লেবার দলের সর্বাধিক ভোট নিশ্চিত করার পক্ষে। এএফপি ও বিবিসি অনলাইন।