কৌশলগত সংকটে হিজবুল্লাহ
লেবাননের কট্টরপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ প্রকাশ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক। তবে প্রায় দেড় বছর ধরে চলা সিরিয়া-সংকটে মুখ খুলছে না তারা।সিরিয়ার বর্তমান সংকট নিয়ে দারুণ উদ্বিগ্ন হিজবুল্লাহ। কারণ, প্রেসিডেন্ট বাশারের পতন হলে হিজবুল্লাহর শক্তিশালী মিত্র ইরানের প্রতি পশ্চিমাদের কঠোর চাপ আসবে। হিজবুল্লাহও অস্ত্র হাতে পেতে সমস্যায় পড়বে। সিরিয়া দিয়েই তাদের মূল অস্ত্রের চালান আসে। লেবাননের অবস্থানরত একজন পশ্চিমা কূটনীতিক বলেন, হিজবুল্লাহ আসলে কৌশলগত সমস্যায় পড়েছে। সিরিয়ায় বাশারের পতন হলে কট্টরপন্থী এই গোষ্ঠী দুই দিক দিয়ে চাপে পড়বে। প্রথমত, ইসরায়েলের দিক থেকে চাপে পড়বে, দ্বিতীয়ত, বাশার-পরবর্তী সিরিয়ার সরকারের কাছ থেকে তারা তেমন সহযোগিতা পাবে না। কারণ, সিরিয়ায় বাশারের পতন হলে যেই ক্ষমতায় আসুক তারা হবে পশ্চিমা ঘেঁষা। স্বাভাবিকভাবেই তখন হিজবুল্লাহ বেকায়দায় পড়বে।তবে হিজবুল্লাহ এখন পর্যন্ত বাশারকে ছেড়ে যাওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। বরং তাদের কোনো কোনো ইঙ্গিত বাশারের পক্ষে লড়াই করারই ইঙ্গিত দেয়। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবাননের কর্মকর্তারা জানান, সিরিয়ার পরিস্থিতি একেবারে খারাপ অবস্থায় পৌঁছালে হিজবুল্লাহ হাত গুটিয়ে বসে থাকবে না। কেউ কেউ বলছেন, তেমন পরিস্থিতি হলে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। আবার অন্যরা বলছেন, হিজবুল্লাহ কিছু সেনা সিরিয়া-লেবানন সীমান্তে মোতায়েন করতে পারে। কারণ, সিরিয়ার বিদ্রোহীদের কাছ থেকে হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে কট্টরপন্থী এই গোষ্ঠীর। লেবাননের বিশ্লেষক জিহাদ আল-জেইন বলেন, সিরিয়ার সংকট থেকে হিজবুল্লাহ নিজেদের সরিয়ে রাখতে পারবে না। কারণ, তাদের কৌশলগত মিত্র সিরিয়া। বাশারের পরিবারের মাধ্যমে এটা গড়ে উঠেছে। তিনি বলেন, হিজবুল্লাহর আসলে বিকল্প কিছু করার নেই, তারা শেষ মিনিট পর্যন্ত বাশার সরকারের সঙ্গেই থাকবে।সিরিয়া সংকটের শুরুতে অবশ্য হিজবুল্লাহ বলেছে, বাশারের সংস্কারের প্রতিশ্রুতিকে তারা সমর্থন করে। লেবাননের একজন কর্মকর্তা বলেন, ‘সিরিয়ায় বিদেশি আগ্রাসন হলে এর বিরুদ্ধে হিজবুল্লাহ লড়াই শুরু করবে—এটা নিশ্চিত। রয়টার্স।