দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাস করতে গিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ধাক্কা খেয়েছে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস। পরবর্তী পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রায় তিন মাস বিলটি পাস করতে সমর্থন সংগ্রহের সময় পাচ্ছে দলটি।ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় কংগ্রেস বিলটি পাস করতে সক্ষম হয়েছে। কিন্তু রাজ্যসভায় বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে বিলটি পাস হয়নি। বিরোধী জোটের পক্ষ থেকে এই বিল নিয়ে ১৮৭টি সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে।কংগ্রেসের মিত্র বলে পরিচিত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুর ডিএমকে এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।কংগ্রেস বলছে, রাজ্যসভায় দুর্নীতিবিরোধী বিল পাসে ভোটাভুটির আয়োজন করা হবে। বিরোধী দলের দেওয়া সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হতে পারে। কংগ্রেস সূত্র বলছে, আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। তিন মাসেরও বেশি সময় হাতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিরোধী দলের দেওয়া সংশোধনী প্রস্তাবগুলোর ব্যাপারে কৌশল ঠিক করা যেতে পারে। কংগ্রেসের মতে, লোকপাল বিলের বিরোধীরা বিল নিয়ে কিছু করার চেয়ে একে পুঁজি করে রাজনীতিই বেশি করছে। এ ছাড়া কংগ্রেসের ভাবনায় আছে, উত্তর প্রদেশসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর বিলটি রাজ্যসভায় নেওয়া হলে তাদের মনমতো লোকপাল বিল পাস করার ভালো সুযোগ সৃষ্টি হতে পারে। কংগ্রেস প্রচার করছে, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) লোকপাল বিল পাস করতে বাধা দিচ্ছে। রাজ্যসভায় বিল পাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে অন্য বিরোধী দলগুলোকেও সংগঠিত করে বিজেপি। কংগ্রেস সবচেয়ে হতাশ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের আচরণে। কংগ্রেসের মিত্র তৃণমূল এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধী দলের সঙ্গে যোগ দিয়েছে। কংগ্রেসের সাধারণ মুখপাত্র মানিশ তিওয়ারি বিজেপির সমালোচনা করে বলেন, ‘বিজেপি গত এক বছর নেতিবাচক রাজনীতি করেছে।’ তৃণমূলের ভূমিকা প্রসঙ্গে তিওয়ারি বলেন, ‘দলটির সঙ্গে আলোচনা করার প্রয়োজন রয়েছে।’ তৃণমূল কংগ্রেস লোকায়ুক্তের (রাজ্য পর্যায়ে লোকপাল) বিরোধী। কংগ্রেস সূত্র জানায়, লোকসভায় লোকপাল বিল পাস হওয়ার দিন বিলে প্রস্তাবিত লোকায়ুক্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যগুলোর মতামত নেওয়ার কথা বলা হয়।