রোমান ক্যাথলিক ধর্মসংঘের সদ্য প্রয়াত অন্যতম সদস্য (কার্ডিনাল বা জ্যেষ্ঠ বিশপ) কারলো মারিয়া মারতিনি মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে রোমান ক্যাথলিক ও ক্যাথলিকদের গির্জাকে ‘২০০ বছর পিছিয়ে পড়া’ বলে আখ্যায়িত করেছেন। গত শুক্রবার ৮৫ বছর বয়সে তিনি মারা যান। আজ সোমবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা।ইতালির সংবাদপত্র করিয়েরে ডেলাসেরা গতকাল রোববার মারিয়া মারতিনির সাক্ষাৎকারটি প্রকাশ করে। দৈনিকটি বলেছে, গত মাসে মারতিনি ওই সাক্ষাৎকারটি দিয়েছিলেন।সাক্ষাৎকারে মারতিনি বলেছেন, ‘গির্জা নেতিয়ে পড়েছে... আমাদের প্রার্থনাকক্ষগুলোও খালি পড়ে থাকছে।’মারতিনি বলেন, গির্জাগুলোর যেসব ভুলভ্রান্তি আছে, তা তাঁদের স্বীকার করতে হবে। পোপদেরই এটা প্রথম শুরু করতে হবে। ক্যাথলিকদের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি পুরোনো হতে চলেছে। আমাদের প্রার্থনাস্থল আকারে বড় হলেও তা ফাঁকা পড়ে থাকে। তাই আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে সবার সামনে তুলে ধরতে হবে। এখানে ধর্মীয় অনুষ্ঠান ও আনুষ্ঠানিক পরিচ্ছদ এখনো অনেক জমকালো।’ ধর্মীয় মতবাদ থেকে যাঁরা দূরে রয়েছেন, তাঁদের প্রতি উদার ও সহনশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান তিনি। বিবিসি।