ক্যানসার-কোষ ধ্বংস করবে আঙুর ও চকলেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যানসার’ রোগটির কথা শুনলেই যে কেউ আঁতকে ওঠেন। ওই রোগ হলে আর বুঝি রক্ষা নেই। বিজ্ঞানীরা ইতিমধ্যেএ রোগ নিরাময়েঅনেক ওষুধ তৈরি করেছেন। এরই মধ্যে গবেষকেরা জানিয়েছেন, চকলেট ও ক্যাবারনেট জাতের আঙুর ক্যানসার প্রতিরোধে শক্তিশালী প্রতিষেধক হিসেবে কাজ করে। গত বুধবার সম্মানজনক টেড (টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, ডিজাইন) সম্মেলনে এ কথা জানান গবেষণা প্রতিষ্ঠান অ্যানজিওজেনেসিস ফাউন্ডেশনের প্রধান উইলিয়াম লি। তিনি বলেন, লাল আঙুর ও কালো চকলেটের পাশাপাশি ব্লুবেরি, রসুন, সয়া ও চায়ের মধ্যে ক্যানসার প্রতিরোধকারী উপাদান রয়েছে।ম্যাসাচুসেটসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি এমন সব খাদ্য শনাক্ত করার বিষয়ে কাজ করছে, যেগুলোর উপাদান দেহে ক্যানসার-কোষনাশক হিসেবে কাজ করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণাপত্রের বরাত দিয়ে লি বলেন, সপ্তাহে যাঁরা বেশ কয়েকবার রান্না করা টমেটো খান, তাঁদের ‘প্রোস্টেট’ ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩০ থেকে ৫০ শতাংশ কম থাকে। তিনি বলেন, ‘চিকিত্সাবিজ্ঞানে বিপ্লব ঘটছে। আমাদের ধারণা ঠিক থাকলে ভোক্তার শিক্ষা, খাদ্যসেবা, জনস্বাস্থ্য, এমনকি বিমা কোম্পানির ওপরও এর প্রভাব পড়বে।’ক্যানসার প্রতিরোধে অনুমোদিত ওষুধের চেয়েও সয়া, লাল আঙুর ও অন্যান্য খাদ্যদ্রব্যকে এগিয়ে রাখতে চাইছে অ্যানজিওজেনেসিস ফাউন্ডেশন। এ ব্যাপারে লি বলেন, ‘আমরা আবিষ্কার করেছি, প্রকৃতি অনেক খাদ্যের মধ্যে ক্যানসার প্রতিরোধের উপাদান দিয়ে রেখেছে। বিশ্বের অনেক মানুষের জন্যই খাদ্যের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ করাটা সহজ। কারণ তাদের ক্যানসার প্রতিরোধক ওষুধ কেনার সামর্থ্য নেই।’ এএফপি।