ক্যানসার চিকিৎসায় আবার কিউবায় যাচ্ছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার কিউবা যাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী হওয়ার পর এই প্রথম তিনি চিকিৎসা নিতে কিউবা যাচ্ছেন। তবে তিনি কিউবায় কত দিন থাকবেন, তা নিশ্চিত নয়।হুগো চাভেজ (৫৮) ১২ দিন ধরে জনসম্মুখে আসছেন না। কিউবায় গত বছরের জুন থেকে কয়েক দফায় রেডিয়েশন থেরাপির মাধ্যমে তাঁর ক্যানসারের চিকিৎসা করা হয়। এ বছরের অক্টোবরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হন। তাঁর এই চিকিৎসা নিতে যাওয়ার কারণে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় স্টেট গভর্নর নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।কংগ্রেসে দেওয়া এক চিঠিতে চাভেজ জানান, ক্যানসার রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসার ছয় মাস পর বিশেষ থেরাপি নিতে হয়। এই থেরাপি হাইপারবারিক অক্সিজিনেটিং থেরাপি নামে পরিচিত। এর মাধ্যমে রেডিয়েশন থেরাপির কারণে হাড়ের যে ক্ষয় হয়, তার চিকিৎসা করা হয়। এ ছাড়া এই থেরাপির মাধ্যমে সংক্রমণ, ফোড়া ইত্যাদির চিকিৎসাও দেওয়া হয়। গত বছরের শেষ দিকে চাভেজ নিজেকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেছিলেন। কিন্তু এর পরই নতুন অস্ত্রোপচার করে একটি টিউমার অপসারণের জন্য তাঁকে কিউবায় যেতে হয়েছিল।ভেনেজুয়েলার অনেকে মনে করেন, চাভেজ নির্বাচনী প্রচারকালে স্টেরয়েড বা অন্য কোনো চিকিৎসা নিয়েছিলেন। এ কারণে তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী ৭ ডিসেম্বর ব্রাজিলে অনুষ্ঠেয় আঞ্চলিক সম্মেলনে তাঁরা চাভেজের উপস্থিতি আশা করছেন।কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে হুগো চাভেজের বন্ধুত্ব আছে। তাই সেখানে তিনি সর্বোচ্চ সেবা পেয়ে থাকেন। রয়টার্স।