ক্যানসার নিয়ে চাভেজের মন্তব্য নাকচ যুক্তরাষ্ট্রের
লাতিন আমেরিকার নেতাদের ক্যানসার ধরা পড়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের এমন মন্তব্য গত বৃহস্পতিবার নাকচ করেছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জ্বালানিবাহী একটি ট্যাংকারে আগুন ধরে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৬ জন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বৃহস্পতিবার চাভেজের মন্তব্যের সমালোচনা করে বলেন, তাঁর (চাভেজের) মন্তব্য ‘ভয়ংকর ও তিরস্কারযোগ্য’। তবে তিনি বলেন, এ বিষয়ে তাঁরা নতুন করে প্রতিক্রিয়া দেখাতে আগ্রহী নন।এর এক দিন আগে প্রেসিডেন্ট চাভেজ মন্তব্য করেন, তিনি ও লাতিন আমেরিকার বামপন্থী অন্য নেতাদের ক্যানসারে আক্রান্ত হওয়া ‘খুব বিস্ময়কর’। এটি তাঁর পক্ষ থেকে কোনো ঢালাও অভিযোগ নয়, বরং নিজস্ব চিন্তা মাত্র। মন্তব্যের যথার্থতার পেছনে কোনো প্রমাণ না দেখালেও গত বুধবার জাতীয় সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে চাভেজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে জানতে চান, কারও অগোচরে দেশটি যদি এমন প্রযুক্তি উদ্ভাবন করে থাকে, তবে এতে বিস্মিত হওয়ার কিছু নেই।জ্বালানিবাহী ট্যাংকারে আগুন: ভেনেজুয়েলার কারাকাসে বৃহস্পতিবার জ্বালানিবাহী একটি ট্যাংকার মহাসড়কের ওপর উল্টে গিয়ে আগুন ধরে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এএফপি, বিবিসি।