ক্যানসার প্রতিরোধে নতুন ওষুধ
যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিস্টল-মেয়ারস স্কুইবের পরীক্ষামূলক ওষুধ ইপিলিমুমাব বা আইপিআই প্রথমবারের মতো মেলানোমা ক্যানসার আক্রান্ত রোগীদের জীবনকাল বাড়াতে সফল হয়েছে। শনিবার গবেষকেরা এ কথা জানান। তাঁরা দাবি করেছেন, এই সাফল্য ক্যানসার প্রতিরোধে নতুন অধ্যায়ের সূচনা করেছে।আইপিআই এক ধরনের অ্যান্টিবডি। মানবদেহের এক ধরনের প্রোটিনকে রূপান্তরিত করে এটি প্রস্তুত করা হয়েছে। ওই প্রোটিন সিটিএলএ-৪ নামের এক ধরনের জীবাণু প্রতিরোধে কাজ করে। সিটিএলএ-৪ জীবাণু দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিঘ্ন ঘটায়। আইপিআই নামের নতুন এই ওষুধ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় সিটিএলএ-৪ জীবাণুর সৃষ্ট ত্রুটি সারাতে সাহায্য করে এবং এর মাধ্যমে দেহের প্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ ধ্বংসে সহায়তা করে।ইপিলিমুমাব বা আইপিআই ওষুধের এই সাফল্য নিয়ে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ। গবেষণাপত্রের রচয়িতা বোস্টনের ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের স্টিফেন হোডি বলেন, ‘এটা মাত্র শুরু। কীভাবে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মতো করে গড়ে তোলা যায়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’গবেষণাপত্রে জানানো হয়, ওই ওষুধটি সেবনের পর ত্বকের সবচেয়ে ভয়ঙ্কর ক্যানসার মেলানোমাতে বেশ ভালোভাবে আক্রান্ত রোগীদের মধ্যে ২০ শতাংশের বেশি দুই বছরের বেশি সময় বেঁচে আছেন। অনেকে চার বছরেরও বেশি সময় বেঁচে আছেন। অথচ সাধারণত মেলানোমায় এই পর্যায়ে আক্রান্ত রোগীরা নয় মাসের বেশি বাঁচেন না। গবেষণা সংস্থা থমসন ফার্মা জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন পেলে ২০১৪ সাল নাগাদ ব্রিস্টল-মেয়ারস স্কুইব এই ওষুধ বিক্রি করে সাড়ে ৪২ কোটি ডলার আয় করতে পারবে। এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন আরেকটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেনড্রেয়ন করপোরেশনের প্রোভেঞ্জে নামের একটি ওষুধ বাণিজ্যিক বিক্রির অনুমোদন দেয়। প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে দেহের প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর করতে কাজ করে প্রোভেঞ্জে। রয়টার্স।