ক্যানসার শনাক্ত করতে
ক্যানসার শনাক্ত ও চিকিৎসা করার ক্ষেত্রে রক্তের একটি বিশেষ পরীক্ষার উন্নয়ন ঘটানোর চেষ্টা চলছে। এই দাবি করে গত সোমবার প্রসিদ্ধ ওষুধ তৈরির প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের কর্মকর্তারা বলেছেন, মার্কিন চিকিৎসকেরা তাঁদের এই কর্মকাণ্ডের অংশীদার। গবেষকদের দাবি, তাঁদের চেষ্টা সফল হলে এই রক্ত পরীক্ষা বায়োপসির (কোষ পরীক্ষা বিশেষ) স্থান দখল করবে। কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা প্রথম রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসার শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার করেন। ‘সার্কুলেটিং টিউমার সেল’ বা সিটিসি নামের এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় বিপ্লব আনবে বলে মনে করছেন গবেষকেরা। এই পদ্ধতিকে তাঁরা ‘লিকুইড বায়োপসি’ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, প্রচলিত বায়োপসির জায়গা দখল করে নেবে এই পদ্ধতি।টিউমার থেকে রক্তের মধ্যে ছড়িয়ে পড়া ক্যানসার আক্রান্ত কোষ শনাক্ত করার মাধ্যমে কাজ করবে এই পদ্ধতি। তবে এখনো পর্যন্ত শুধু ক্যানসার আক্রান্ত কোষ গণনা করতে পারা ছাড়া এই পদ্ধতির খুব বেশি অগ্রগতি হয়নি।জনসন অ্যান্ড জনসনের অঙ্গ প্রতিষ্ঠান অর্থো বায়োটেক অনকোলোজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওআরডির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস ড্রাকোপলি বলেন, ‘নতুন এই প্রযুক্তির মাধ্যমে আমরা শুধু ক্যানসার কোষ গণনা নয়, এর আণবিক পরিবর্তনও বুঝতে পারব। এতে রোগীর উন্নতি বা অবনতি সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।’এই পদ্ধতিতে রোগীর শরীর থেকে সামান্য রক্ত সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে। এতে অগণিত কোষের মধ্যে যদি ক্যানসারর একটি কোষও থাকে, নতুন প্রযুক্তির মাধ্যমে সেটিকে শনাক্ত করা সম্ভব হবে। এ কারণে ক্যানসার শনাক্ত করতে রোগীকে আর বায়োপসির দুর্ভোগ পোহাতে হবে না। এএফপি।