লকারবি বোমা হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিবীয় নাগরিক আবদেলবাসেত আলী মোহামেদ আল-মেগরাহি ক্যানসারকে পরাস্ত করতে পারবেন বলে আশা করছেন তাঁর পরিবারের সদস্যরা। গতকাল রোববার লন্ডনভিত্তিক পত্রিকা ডেইলি টেলিগ্রাফ এ কথা জানায়। ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন বিমানে বোমা বিস্ফোরণ ঘটানোর দায়ে মেগরাহিকে সাজা দেওয়া হয়। ওই হামলায় আড়াই শর বেশি মানুষ মারা যায়। ২০০১ সালে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মেগরাহিকে গত বছরের অগস্টে মানবিক কারণে মুক্তি দেয় স্কটল্যান্ড সরকার। ৫৭ বছর বয়সী মেগরাহি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর আয়ু কয়েক মাসের বেশি নয়। মুক্তি পাওয়ার পর মেগরাহি লিবিয়ায় ফেরেন।ত্রিপোলিতে মেগরাহির বৃদ্ধ বাবা আলীকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, তিনি ‘অলৌকিক’ কিছু ঘটার আশায় রয়েছেন। আলী বলেন, ‘একজন নিকটাত্মীয় একই ধরনের রোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিত্সার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আমি মনে করি, শুধু ওষুধ দিয়ে রোগীকে সুস্থ করা সম্ভব না, এ জন্য দৃঢ় মনোবল ও স্বাধীন থাকার অনুভূতিও দরকার, যা কারাগারে পাওয়া সম্ভব ছিল না।’মেগরাহির বাবা আরও জানান, ‘তাঁর ছেলে এখন আত্মজীবনী লিখছে। ২২ বছর আগে ঘটে যাওয়া লকারবি বোমা হামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না—এটা প্রমাণ করতে এখনো দৃঢ়সংকল্প সে।’সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, লিবিয়ায় মেগরাহি একটি বিলাসবহুল বাড়িতে রয়েছেন। কেমোথেরাপি কোর্স শেষ করার পর তিনি আর চিকিত্সা নিচ্ছেন না। লন্ডনের চিকিত্সক অধ্যাপক ক্যারল সিকোরা গত জুলাইয়ে মেগরাহিকে পরীক্ষা করে জানিয়েছিলেন, মেগরাহি তিন মাসের বেশি বাঁচবেন না। সে হিসাবে তাঁর গত অক্টোবরে মারা যাওয়ার কথা। কিন্তু মেগরাহি বেঁচে আছেন। অভিযোগ উঠেছে, মেগরাহির চিকিত্সা প্রতিবেদনে তিন মাসের সময়সীমার কথা উল্লেখ করার জন্য উেকাচ দিয়েছিল লিবীয় সরকার। পিটিআই।