ক্যানসারের চিকিৎসা নেওয়ার কথা নিশ্চিত করলেন চাভেজ
কিউবায় চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছেন, সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে ক্যানসারের কোষবাহী একটি টিউমার অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানা থেকে টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য প্রকাশ করেন। গত ১০ জুন রাষ্ট্রীয় সফরে কিউবা যাওয়ার পর গুঞ্জন শোনা যায়, চাভেজ সেখানে প্রস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তবে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে তখন বলা হয়, চাভেজের মেরুদণ্ডের গোড়ার দিকে দেখা দেওয়া ফোঁড়া অপসারণে গত ১০ জুন কিউবায় অস্ত্রোপচার করা হয়েছে। প্রথম দফা অস্ত্রোপচারে ফোঁড়া অপসারণের সত্যতা নিশ্চিত করে চাভেজ বলেন, পরে আরও পরীক্ষা-নিরীক্ষায় এমন একটি টিউমার ধরা পড়ে, যার মধ্যে ক্যানসারের কোষ ছিল। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটির অপসারণ করা হয়। তিনি বলেন, অস্ত্রোপচার দারুণ সফল হয়েছে। সুস্থ হয়ে উঠছেন তিনি। ভাষণ দেওয়ার সময় তাঁকে বিমর্ষ ও আবেগপ্রবণ দেখাচ্ছিল।কিন্তু তাঁর শরীরের কোথায় ওই টিউমার ধরা পড়ে বা এতে কী ধরনের ক্যানসার কোষ ছিল—এ ব্যাপারে কিছু বলেননি চাভেজ। কয়েক বছর ধরে শরীরের যত্নে অনেক অবহেলা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। চাভেজ জানান, তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো প্রথম সতর্ক করেন। যুক্তরাষ্ট্রের ‘সাম্রাজ্যবাদের’ কট্টর সমালোচক চাভেজ সাধারণত টেলিভিশনে দীর্ঘ সময় ধরে ভাষণ দেন। তবে গত বৃহস্পতিবারের ভাষণ ছিল বেশ নিয়ন্ত্রিত, মাত্র ১৫ মিনিটের। আর তা ছিল আগে থেকে তৈরি করা ভাষণ। ভেনেজুয়েলার টেলিভিশনে চাভেজের ভাষণ সম্প্রচারের পর সরকারের অনেক সমর্থক রাজধানী কারাকাসের রাস্তায় নেমে প্রেসিডেন্টের প্রতি তাঁদের সহমর্মিতা প্রকাশ করেন। অসুস্থ চাভেজের অনুপস্থিতি নিয়ে ভেনেজুয়েলায় উদ্বেগের পাশাপাশি নানা ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে। কয়েক দিন আগে কারাকাসে বিরোধী আইনপ্রণেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট চাভেজ বিদেশ থেকে সরকার পরিচালনা করছেন, যা অসাংবিধানিক।ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ঠজন চাভেজ বলেন, ‘আমি এখনো সরকার পরিচালনা করছি। ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জওয়ার সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। আমাকে সব ধরনের তথ্য সরবরাহ করা হচ্ছে।’ চাভেজের ভাষণের পর সে দেশের ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জওয়া জাতির উদ্দেশে ভাষণ দেন। এ সময় দেশের বিপ্লবী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন বিমর্ষ থাকার সময় নয়। কমান্ডার (চাভেজ) সুস্থ হয়ে উঠছেন। এখন সাহস নিয়ে ধৈর্য ধারণের সময়। চাভেজের শারীরিক সুস্থতা নিয়ে রহস্যময়তা থেকেই যাচ্ছে। কবে দেশে ফিরবেন, এ ব্যাপারে তিনি বা তাঁর সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।ক্ষমতাসীন ইউনাইটেড সোশালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা চাভেজের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন। এএফপি, বিবিসি ও রয়টার্স।