ক্যানসারের চিকিৎসা বিয়ে!
ক্যানসারের নতুন চিকিৎসা আবিষ্কারের দাবি করেছেন একদলমার্কিন বিজ্ঞানী! তাঁদের নতুন এই আবিষ্কার হচ্ছে—বিয়ে! ওই বিজ্ঞানীদের দাবি, অন্য যেকোনো চিকিৎসার চেয়ে এটা বেশি কার্যকর।যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে অবস্থিত ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মারলেন অ্যান্ড স্টিওয়ার্ট গ্রিনিবাম ক্যানসার সেন্টারের বিজ্ঞানীরা এ গবেষণা চালান। গবেষণা করে তাঁরা দেখতে পান, উচ্চ মাত্রার ফুসফুস ক্যানসারে আক্রান্ত বিবাহিত রোগীরা একই ধরনের ক্যানসারে আক্রান্ত অবিবাহিত রোগীদের চেয়ে বেশি দিন বেঁচে থাকেন। এ ছাড়া প্রোস্টেট ক্যানসার, গলা ও মস্তিষ্কের ক্যানসারসহ অন্যান্য ক্যানসারের বেলায়ও একই ধরনের ফল পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত নন বলে জানান। গবেষকেরা ফুসফুস ক্যানসারে আক্রান্ত তৃতীয় ধাপের ১৬৮ জন রোগীর ওপরে সমীক্ষা চালান। ফুসফুস ক্যানসারের মধ্যে এটিই সচরাচর বেশি দেখা যায়। এই রোগীদের ১০ বছর মেয়াদে কেমোথেরাপি ও রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। গবেষকেরা দেখতে পান, তিন বছর পরও বিবাহিত রোগীদের ৩৩ শতাংশ বেঁচে আছে, যেখানে অবিবাহিত রোগীদের ক্ষেত্রে এ হার মাত্র ১০ শতাংশ। আবার বিবাহিত পুরুষ রোগীদের (৩ শতাংশ) তুলনায় বিবাহিত নারী রোগীদের (৪৬ শতাংশ) বেঁচে থাকার হার বেশি।গবেষণা দলের প্রধান এলিজাবেথ নিকোলাস বলেন, তাঁরা গবেষণায় দেখতে পান, অবিবাহিত ক্যানসার রোগীদের তুলনায় বিবাহিত রোগীরা বেশি দিন বেঁচে থাকেন। তবে কিন্তু কী কারণে এটি হচ্ছে—তা তাঁরা নিশ্চিত নন। পিটিআই।