ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন চাভেজ
ক্যানসারের চিকিৎসা শেষে কিউবার হাভানা থেকে ভেনেজুয়েলায় ফিরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজ। তিনি দাবি করেছেন, তাঁর ক্যানসারের চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে।গত শুক্রবার রাজধানী কারাকাসের মাইকোয়েশিয়া বিমানবন্দরে নেমেই চাভেজ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে আনন্দে আলিঙ্গন করেন এবং টেলিভিশন-ক্যামেরার সামনে গান গাইতে থাকেন।দেশে ফিরে স্থানীয় একটি টেলিভিশনে ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, কয়েক সপ্তাহ ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর সফলভাবে রশ্মি বিকিরণ পদ্ধতির (রেডিয়েশন থেরাপি) চিকিৎসাপর্ব শেষ করেছি। এখন আমি অনেকটাই সুস্থ।’চিকিৎসা শেষে ১১ দিন পর দেশে ফিরে উচ্ছ্বসিত হয়ে চাভেজ বলেন, ‘যে চিকিৎসা শেষ করে এসেছি তা কাজে লাগবে—এমন আশা নিয়েই দেশে ফিরেছি। এ কারণে সব সময় ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনাও করেছি। আমার বিশ্বাস, ঈশ্বর সহায় হবেন। আমি আবারও ভেনেজুয়েলার মানুষের জন্য সংগ্রাম করব।’ গত বছর এই ক্যানসারের কারণেই ৫৭ বছর বয়সী চাভেজের শরীরে দুইবার অস্ত্রোপচার করা হয়। তারপর কেমোথেরাপি নেওয়ার পর এবার চিকিৎসকের পরামর্শে রশ্মি বিকিরণ পদ্ধতির (রেডিয়েশন থেরাপি) চিকিৎসা নিলেন। এই চিকিৎসা নিয়ে দেশে ফিরেই নিজেকে সুস্থ বলে দাবি করলেন প্রেসিডেন্ট। তবে ক্যানসারের ধরন সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।হুগো চাভেজ ১৯৯৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাপ্রাপ্ত হন। চলতি বছরের অক্টোবরে দেশটিতে আবারও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু চাভেজের এই স্বাস্থ্যগত সমস্যার কারণে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছিল। বিরোধীরা দাবি করেছিল, চিকিৎসার জন্য চাভেজ দেশ পরিচালনায় মনোনিবেশ করতে পারছেন না। এএফপি ও বিবিসি।