ক্যানসারের ফিরে আসা ঠেকাবে অ্যাসপিরিন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যথানাশক ওষুধ অ্যাসপিরিন ক্যানসারের প্রত্যাবর্তন ঠেকাতে পারে কি-না তা যাচাইয়ে বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে যুক্তরাজ্যে। অন্ত্র, স্তন, পাকস্থলী, প্রোস্টেট ও খাদ্যনালীর ক্যানসারে ভোগা প্রায় ১১ হাজার মানুষকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হবে। খবর বিবিসির।
গবেষণা চলাকালে আগামী পাঁচ বছর ক্যানসার রোগীদের প্রতিদিন একটি করে অ্যাসপিরিন ট্যাবলেট খেতে দেওয়া হবে। যুক্তরাজ্যের প্রায় ১০০টি কেন্দ্রে এই গবেষণা চলবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সবার অ্যাসপিরিন খাওয়া উচিত নয় বলেও সতর্ক করে দেন বিজ্ঞানীরা।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ওষুধের সম্ভাব্য ক্যানসারবিরোধী গুণাগুণ নিয়ে চিকিৎসামহলে আলোচনা ও বিতর্ক হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, অ্যাসপিরিনের সমীক্ষাটির ফল ইতিবাচক হলে তা সস্তা ও কার্যকর উপায়ে অনেক ক্যানসার রোগীকে বাঁচিয়ে রাখায় সহায়ক হবে।