ক্যানসারের সঙ্গে লড়াইয়ে চাভেজ জয়ী হবেন: কাস্ত্রো
কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁর দেশে চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জয়ী হবেন।কিউবার রাষ্ট্রীয় ওয়েবসাইটে গত রোববার এক লেখায় চাভেজের ঘনিষ্ঠজন কাস্ত্রো এ কথা বলেন। তিনি বলেন, নির্দ্বিধায় বলা যায়, চাভেজের অস্ত্রোপচার সফল হয়েছে। এখনো তিনি লড়ে যাচ্ছেন। তিনি জয়ী হবেনই।বৃহস্পতিবার কিউবার রাজধানী হাভানা থেকে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে চাভেজ বলেন, সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে ক্যানসারের কোষবাহী একটি টিউমার অপসারণ করা হয়েছে।গত ১০ জুন রাষ্ট্রীয় সফরে কিউবা যাওয়ার পর হঠাৎ চাভেজের জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর গুঞ্জন শোনা যায়, চাভেজ সেখানে প্রস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তবে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে তখন বলা হয়, চাভেজের মেরুদণ্ডের গোড়ার দিকে হওয়া ফোড়া অপসারণের জন্য ১০ জুন কিউবায় অস্ত্রোপচার করা হয়। প্রথম দফা অস্ত্রোপচারে ফোড়া অপসারণের সত্যতা নিশ্চিত করে চাভেজ তাঁর ভাষণে বলেন, পরে আরও পরীক্ষা-নিরীক্ষায় এমন একটি টিউমার ধরা পড়ে, যেটিতে ক্যানসারের কোষ ছিল। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটির অপসারণ করা হয়। এএফপি ও রয়টার্স।