আফগানিস্তানে শান্তি-প্রক্রিয়া নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লন্ডনে ত্রিপক্ষীয় এই সংলাপের লক্ষ্য, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি।গত গ্রীষ্মকালের পর থেকে এ পর্যন্ত ত্রিপক্ষীয় এ রকম আরও দুটি সংলাপ হয়েছে। তবে প্রথমবারের মতো এবার আফগানিস্তান এবং পাকিস্তানের সেনা ও গোয়েন্দা সংস্থার প্রধানেরাও এ আলোচনায় অংশ নিচ্ছেন।ক্যামেরন গত বছর ত্রিপক্ষীয় এই সংলাপের উদ্যোগ নেন। এতে তখন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পারস্পরিক সহযোগিতার একটি কাঠামোর ব্যাপারে একমত হন। আর তা হচ্ছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা বিদায় নেওয়ার পর শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করা। ২০১৪ সালের মধ্যে ন্যাটো আফগানিস্তান থেকে তার সেনাদের সরিয়ে নেবে।এ সংলাপের অংশ হিসেবে গতকাল লন্ডনে ক্যামেরন এক নৈশভোজের আয়োজন করেন। এতে কারজাই ও জারদারি অংশ নেন। আজ সোমবার দুই প্রেসিডেন্ট ও তাঁদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন ক্যামেরন।ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, ‘এই ত্রিপক্ষীয় উদ্যোগ তালেবানকে একটি পরিষ্কার বার্তা দেবে। আর তা হচ্ছে, আফগানিস্তানে শান্তিপূর্ণ একটি রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে সবার জন্য এটাই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছেন, একটি শান্তিপূর্ণ আফগানিস্তান কেবল আফগান নাগরিকদের স্বার্থেই নয়, প্রতিবেশী পাকিস্তান ও যুক্তরাজ্যের স্বার্থেও।’আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবিশ্বাস দূর করার বিষয়টি এখনো একটা বড় বিষয় হিসেবে রয়ে গেছে। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সম্প্রতি পাকিস্তান অনেক তালেবান বন্দীকে মুক্তি দিয়েছে। আফগানিস্তানের সরকার এটা পরিষ্কার করে দিয়েছে যে তারা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে নিয়েছে। দেশটি এখন আফগানিস্তান তালেবানের সাবেক দ্বিতীয় প্রধান মোল্লা বরদারেরও মুক্তি চায়। তাদের প্রত্যাশা, তাঁর মতো একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব তালেবানকে কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসাতে প্রভাবিত করতে পারে।প্রেসিডেন্ট কারজাই বিবিসির পশতু ভাষার সার্ভিসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগকে আফগানিস্তানের জনগণের নিজেদের হাতে নিয়ে নেওয়া উচিত। বিবিসি।