
আজ ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর দেশটির নেতৃত্ব কে দেবেন। কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন, নাকি ওই পদে আসীন হবেন লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড।
এবারের নির্বাচন নিয়ে সবগুলো জরিপেই এ দুই দলের কোনোটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জোট সরকার গঠিত হতে পারে
বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ নির্বাচনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ। এর ফলাফলের ওপর অভিবাসনের মতো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যাপক পরিবর্তন আসতে পারে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাসের কারণে ৫৬তম এই সাধারণ নির্বাচনকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে জটিল নির্বাচন হিসেবে ভাবা হচ্ছে। আজ স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হবে ভোট গ্রহণ। চলবে রাত ১০টা পর্যন্ত। কাল শুক্রবার সকালেই ফলাফল জানা যেতে পারে।
নির্বাচনে প্রধান তিন দলের মনোনয়নে বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন এমপি পদে লড়ছেন। তাঁদের মধ্যে লেবার থেকে সাতজন, লিবারেল ডেমোক্র্যাটস থেকে তিনজন ও কনজারভেটিভ পার্টি থেকে একজন প্রার্থী হয়েছেন।
পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্সে’ (প্রতিনিধি সভা) ৬৫০টি আসন। সরকার গঠনে প্রয়োজন ন্যূনতম ৩২৬ আসন। কনজারভেটিভ পার্টি ৬৪৮ আসনে প্রার্থী দিয়েছে। লেবার ও লিবারেল ডেমোক্র্যাটস উভয় পার্টির প্রার্থীসংখ্যা ৬৩১ জন করে। নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী এই তিন দল স্পিকার জন বার্কোর আসনে প্রার্থী দেয়নি। অভিবাসনবিরোধী ইউকে ইনডিপেনডেন্ট পার্টি (ইউকিপ) ও গ্রিন পার্টির প্রার্থীসংখ্যা যথাক্রমে ৬২৪ ও ৫৭৩। প্রাদেশিক দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) স্কটল্যান্ডে ও প্লেইড কামরি ওয়েলসের আসনগুলোতে লড়াই করছে।
২০১০ সালের নির্বাচনে কনজারভেটিভ ৩০৭, লেবার ২৫৮ ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৫৭ আসনে জয়ী হয়েছিল। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে জোট বেঁধে কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম জোট সরকার গঠন করে।
গতকাল বুধবার বিকেল পাঁচটায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তির আগে ৪৮ ঘণ্টা রীতিমতো ঘাম ঝরিয়েছেন নেতারা। শেষ মুহূর্তের প্রচারণায় প্রধানমন্ত্রী ক্যামেরন ভোটারদের প্রতি আকুতি জানিয়ে বলেছেন, তাঁর কাছে সবকিছুর আগে দেশ বড়। লেবার পার্টির সঙ্গে এসএনপির জোট যুক্তরাজ্যের সর্বনাশ ঘটাবে।
তবে কনজারভেটিভকে ধনিক শ্রেণির স্বার্থরক্ষাকারী দল আখ্যা দিয়ে লেবার নেতা মিলিব্যান্ড বলেন, সরকার শুধু ধনিক শ্রেণির পক্ষে কাজ করবে, না সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণ নিশ্চিত করবে—ভোটারদের সামনে এটাই বড় প্রশ্ন।
গত পাঁচ বছর সরকারের কনিষ্ঠ অংশীদার হিসেবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্র্যাটস পার্টির নেতা নিক ক্লেগ বলেন, বড় দলের নেতারা স্বীকার না করলেও এবারের নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, নিশ্চিত। তাই কনজারভেটিভ বা লেবার পার্টির সঙ্গে মিলে একটি স্থিতিশীল সরকার গঠনে তাঁর দল যোগ্য অংশীদার হতে পারে।
গত মেয়াদে অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনা প্রধানমন্ত্রী ক্যামেরন প্রচারণার শুরু থেকেই অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর যুক্তি, ভোটাররা আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ যেসব সমস্যার কথা তুলে ধরছেন সেসব মোকাবিলায় প্রয়োজন শক্তিশালী অর্থনীতি। লেবার ক্ষমতায় এলে অর্থনীতিতে ধস নামবে।
তবে এমন দাবি নাকচ করে মিলিব্যান্ড বলেন, গত পাঁচ বছর ক্যামেরন সরকারের বেপরোয়া বাজেট কাটছাঁটে জাতীয় স্বাস্থ্যসেবা বেসরকারি খাতে যাওয়ার উপক্রম হয়েছে। ইউনিভার্সিটি শিক্ষা ফি বাড়িয়ে তা ধনীদের দখলে নেওয়া হয়েছে। কল্যাণ ব্যয় হ্রাসের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ ছাড়া অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়া ক্যামেরন এবার বিষয়টিতে নীরব।
গত নির্বাচনে ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৫ সালের আগেই তিনি প্রকৃত অভিবাসীর সংখ্যা বছরে এক লাখের নিচে নামিয়ে আনবেন। কিন্তু সেই সংখ্যা এখন প্রায় তিন লাখ। এমন প্রতিশ্রুতি ভঙ্গ করা থেকে শিক্ষা নিয়েছেন জানিয়ে মিলিব্যান্ড বলেন, তিনি অভিবাসন নিয়ন্ত্রণে কোনো সংখ্যা নির্ধারণ করবেন না। তবে এ বিষয়ে যৌক্তিক ব্যবস্থা নেবেন।