ক্যামেরন, মেরকেল ও অ্যাবোটকে ফোন ওবামার

ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে জার্মান চ্যান্সেলর এবং যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার অ্যাঙ্গেলা ম্যার্কেল, ডেভিড ক্যামেরন ও টনি অ্যাবোটের সঙ্গে কথা বলেন ওবামা।
গত বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানটি রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে ভূপাতিত হলে ২৯৮ আরোহীর সবাই নিহত হন।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করে ওয়াশিংটন।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যাবোটের কাছে দুঃখ প্রকাশ করেছেন ওবামা। এ ঘটনার দ্রুত, পূর্ণাঙ্গ, অব্যাহত ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের প্রয়োজনীয়তার গুরুত্ব নিয়ে দুই নেতা কথা বলেছেন। দুর্ঘটনাস্থলে আন্তর্জাতিক তদন্ত দলের দ্রুত প্রবেশাধিকারের ওপর জোর দিয়েছেন তাঁরা।
এর আগে ওবামা বলেছেন, বিমান ভূপাতিত করা ইউরোপের জন্য একটি জেগে ওঠার বার্তা। ইউক্রেন সংকটে রাশিয়ার ভূমিকার কথা উল্লেখ করে দেশটির ওপর অবরোধ কঠোর করার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে প্রায় একই ধরনের বার্তা দিয়েছেন ওবামা।
বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।