ক্যামেরনই চড়েন লোকাল বিমানে!
জি-২০ ভুক্ত ধনী দেশগুলোর মধ্যে একমাত্র ব্রিটেনের প্রধানমন্ত্রীরই নেই নিজস্ব কিংবা বিশেষ কোনো বিমান। মার্কিন প্রেসিডেন্ট চড়েন ‘এয়ারফোর্স ওয়ানে’। আর অন্যান্য ক্ষমতাধর দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা চলাচল করেন নিজস্ব বিমানে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিমানে চলাচল করাটাকে ব্রিটিশরা বরাবরই একটা অনাবশ্যক জাঁকজমক ও বিলাসিতা বলে মনে করেন।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার একবার তাঁর ব্যবহারের জন্য দুটি ব্যক্তিগত বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন। এতেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সমালোচকেরা কটাক্ষ করে আগেই এর নাম দিয়েছিলেন ‘ব্লেয়ার ফোর্স ওয়ান’। এরপর গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী হওয়ার পর ব্লেয়ারের বিমান কেনার পরিকল্পনা শিকায় ওঠে।
পরে কনজারভেটিভ দলের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ব্যক্তিগত বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন। তবে তা-ও ভেস্তে গেছে সমালোচনার মুখে। খোদ ব্রিটিশ গণমাধ্যমই ক্যামেরনের এই প্রকল্পকে ‘ক্যাম ফোর্স ওয়ান’ বলে আখ্যায়িত করেছে।
সবশেষ উদ্যোগ, ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একটি ভয়েজার এ-থ্রি-হান্ড্রেড-থার্টি বিমানকে প্রধানমন্ত্রীর উপযোগী করে সাজানো হবে। এই বিমানটিতে আকাশে উড়ন্ত অবস্থায় তেল ভরা যায়।
এ নিয়ে ব্রিটিশ সরকারের যুক্তি, মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানের তুলনায় এটি কিছুই নয়। এতে বরং প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশ ভ্রমণের খরচ কমবে ইত্যাদি ইত্যাদি। তবে বিরোধী লেবার পার্টি বলছে, সেটা বলার সময় এখনো আসেনি। বিমানটি তৈরি হওয়ার পরই এটার প্রকৃত খরচ জানা যাবে।
ইউকিপ বলে যে ইমিগ্রেশন বিরোধী কট্টর ডানপন্থী দল, তার এক এমপি ডগলাস কার্সওয়েল বলেছেন, রাজনীতিকরা হয়তো ভাবতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ রকম একটা বিমান থাকাটা যুক্তিসংগত। কিন্তু সাধারণ মানুষ ব্যাপারটাকে সেভাবে দেখবে না।
অন্য অনেকের আশঙ্কা, এ রকম ব্যক্তিগত বিমান আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বেশি দূরে সরিয়ে দেবে।
সাধারণ মানুষের এমন দৃষ্টিভঙ্গির কারণেই হয়তো এত দিন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য ব্যক্তিগত বিমান কেনার সাহস করেনি কোনো সরকার। -- বিবিসি