ক্যামেরনকে ৫০ ব্রিটিশ এমপির হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁর কনজারভেটিভ পার্টিরই ৫০ জনের বেশি আইনপ্রণেতা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চুক্তিতে ক্যামেরন বড় পরিবর্তন আনতে ব্যর্থ হলে তাঁরা ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার পক্ষের এক জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খবর রয়টার্সের।
ইইউ বিষয়ে সন্দিগ্ধ কনজারভেটিভ পার্টির ওই আইনপ্রণেতারা গতকাল রোববার কনজারভেটিভ ফরব্রিটেন (সিএফবি) নামের নতুন একটি রাজনৈতিক গোষ্ঠীর উদ্বোধন করেন। এর প্রতি ইতিমধ্যে ৫০ জন সমর্থন দিয়েছেন। মন্ত্রীসহ এ সংখ্যা প্রায় এক শতে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোষ্ঠীটি ক্যামেরনের সংস্কারের উদ্যোগ সমর্থন করে। পাশাপাশি হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইইউতে আমূল সংস্কার আনতে ব্যর্থ হলে যুক্তরাজ্যকে এ জোটের সদস্যপদ ত্যাগ করতে হবে।
ইইউর সঙ্গে থাকা-না থাকার বিষয়ে গণভোটের আগেই যুক্তরাজ্যের সংস্কারের দাবির পক্ষে ইইউ নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ক্যামেরন। ২০১৭ সালের শেষের দিকে এই গণভোট হওয়ার কথা রয়েছে।
কনজারভেটিভ আইনপ্রণেতা স্টিভবেকার বলেছেন, ‘আমরা আশা করি ক্যামেরন সফল হবেন, কিন্তু ইইউর জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁদের দায়দায়িত্বের ব্যাপারে সজাগ না হলে আমাদের সম্পর্কে বড় ধরনের সংস্কার আনা সম্ভব নয়। এ ক্ষেত্রে ব্রিটিশ ভোটারদের প্রতি আমাদের আহ্বান রইল, এমনটি হলে ইইউ ত্যাগের পক্ষে ভোট দেবেন।’
সংস্কারের অংশ হিসেবে ইইউর অন্য দেশ থেকে যুক্তরাজ্যে আসা নাগরিকদের স্বাস্থ্যসেবাসহ নানা সুযোগ-সুবিধা ভোগের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করতে চান ক্যামেরন।