ক্যামেরনের উত্তরসূরি কে কখন কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইইউ নিয়ে যুক্তরাজ্যের গণভোটের ফলের ধাক্কায় নাজেহাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আগামী অক্টোবরেই গদি ছাড়ছেন। ওই সময় নিজের কনজারভেটিভ পার্টির সম্মেলনে তিনি গদি ছাড়ার পাশাপাশি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়ির চাবিসহ দলের নেতৃত্ব তুলে দেবেন উত্তরসূরির হাতে। সেই চাবি কার হাতে পড়ছে তা নিয়েই এখন যত জল্পনা-কল্পনা।
ক্যামেরনের দ্বিধাবিভক্ত দলে তাঁর ৬ জন মন্ত্রী এবং ৩৩০ জন এমপির মধ্যে ১২৮ জন ইইউ ছাড়ার পক্ষে ছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী এই শিবির থেকেই আসতে পারেন বলে অনেকের ধারণা। আজ সোমবার রক্ষণশীল দলের জ্যেষ্ঠ নেতাদের একটি কমিটির বৈঠকে এই নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। নতুন নেতা হিসেবে যাঁদের নাম আলোচনায় আসছে তাঁরা হলেন:
বরিস জনসন: এলোমেলো একমাথা সোনালি চুলের বরিস জনসন ইতিমধ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছেন। ইইউ ছাড়ার পক্ষে জনমত গঠন এবং এই শিবিরের জয়ের কৃতিত্বের দাবিদার তিনি। লন্ডনের ৫২ বছর বয়সী এই সাবেক মেয়রের নিরন্তর প্রচারণা তাঁকে ইইউবিরোধী বহু রক্ষণশীলের পছন্দের মানুষ করে তুলেছে।
মাইকেল গোভ: বিচারমন্ত্রী মাইকেল গোভ ডেভিড ক্যামেরনের ঘনিষ্ঠ বন্ধু। ইইউবিরোধী প্রচারণায় গোভের অংশগ্রহণই ছিল ক্যামেরনের জন্য সবচেয়ে বড় আঘাত। কারণ তিনিই এই প্রচারণাকে একটি সংযমী ও আবেগবর্জিত বুদ্ধিদীপ্ত আন্দোলনে রূপ দেন।
টেরেসা মে: দলীয় কাদা ছোড়াছুড়ি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। সম্ভবত সে কারণেই ক্যামেরনের উত্তরসূরি হিসেবে তাঁকে অনন্য বলে মনে করা হচ্ছে। টেরেসা মে নিজে দীর্ঘদিন ধরে ইউরো-বিরোধী নানা আন্দোলনে যুক্ত থাকলেও তিনি ইইউ ছাড়ার বিপক্ষে ছিলেন।
জর্জ অসবর্ন: ক্যামেরনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অর্থমন্ত্রী জর্জ অসবর্নের নাম অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। তবে ইইউতে থাকার পক্ষে তাঁর জোরালো প্রচারণা টোরি দলের বহু এমপিকে ক্ষুব্ধ করেছে।
এঁরা ছাড়াও শিক্ষামন্ত্রী নিকি মরগ্যান এবং কর্মসংস্থান ও পেনশন মন্ত্রী স্টিফেন ক্র্যাবের নামও ক্যামেরনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর পদপ্রত্যাশীদের অবশ্যই প্রথমে রক্ষণশীল দলের এমপিদের ভোটের সম্মুখীন হতে হবে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুজন প্রার্থীর মধ্যে আবার প্রতিযোগিতা হবে। দলের দেড় লাখ সদস্য প্রত্যক্ষ ভোট দিয়ে দুজনের মধ্য থেকে একজনকে নির্বাচন করবেন।