ক্যামেরনের পক্ষে ব্যবসায়ী, মিলিব্যান্ডের পক্ষে কর্মজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণার শুরুতেই যেন ব্যবসায়ী আর কর্মজীবীতে ভাগ হয়ে গেল যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল। গত মঙ্গলবার দেশটির ১০৩ জন ধনী ব্যবসায়ী কনজারভেটিভ দলের অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন জানিয়ে টেলিগ্রাফ পত্রিকায় একটি চিঠি প্রকাশ করেন। এর জবাবে গতকাল বুধবার লেবার দলকে সমর্থন করে গণমাধ্যমে পাল্টা চিঠি পাঠায় দেশটির ব্যবসায়ী, লেখক, অভিনেতা, নার্স ও চাকরিজীবীসহ মোট ১০০ জন কর্মজীবী।

কনজারভেটিভ দলের অর্থের জোগানদাতা ওই সব ব্যবসায়ীর চিঠিতে অবাক হওয়ার কিছু নেই উল্লেখ করে লেবার দলের নেতারা বলছেন, শুধু ধনিক শ্রেণি নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব করে লেবার দল।
দুই দলের অর্থনৈতিক পরিকল্পনা প্রশ্নে মূলত এই বিভাজনের সৃষ্টি। ২০১০ সালে ক্ষমতায় আসার পর ক্যামেরনের সরকার করপোরেশন ট্যাক্স (বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর) এবং উচ্চ করহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে, যা সামাল দিতে সরকারি কল্যাণ ব্যয় হ্রাস করা হয়। যার চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। একই সঙ্গে শূন্য কর্মঘণ্টা (নির্দিষ্ট ঘণ্টা কাজ করবে এমন নিশ্চয়তা নেই) চুক্তির নিয়ম চালুর ফলে প্রতিষ্ঠান কর্তৃক কর্মীরা অপব্যবহারের শিকার হচ্ছেন। এ সব নীতিকে ধনীবান্ধব আখ্যা দিয়েছে লেবার পার্টি। তারা ধনীদের আয়ের ওপর করের হার বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর সুযোগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
লেবার পার্টি সম্পদ গড়ার বিরোধী। দলটি ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়বে, এমনটাই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে কনজারভেটিভ দল। বিপরীতে শূন্য কর্মঘণ্টার মত অমানবিক নিয়ম চালুর মাধ্যমে ক্যামেরন কীভাবে শুধু ধনিক শ্রেণির স্বার্থ রক্ষায় ব্যস্ত, তা বোঝাতে চাইছেন এড মিলিব্যান্ড।
আগামী ৭ মে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।