নিজেদের আয়কর বিবরণী প্রকাশে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য এবং দেশটির সব রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের ওপর চাপ বাড়ছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর আয়কর বিবরণী প্রকাশের পর এই চাপ তৈরি হয়েছে। অবশ্য, ক্যামেরন নিজেও এখনো পুরোপুরি চাপমুক্ত হতে পারেননি।
ক্যামেরনের মন্ত্রিসভার চ্যান্সেলর (অর্থমন্ত্রী) জর্জ অসবর্ন সর্বশেষ রাজনীতিক হিসেবে বলেছেন, তিনি নিজেও উপার্জন ও আয়কর বিবরণী প্রকাশের বিষয়টি বিবেচনা করছেন। বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা টিম ফারনও একই পথে হাঁটবেন বলে আশা করা হচ্ছে। তবে ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফারাজি বলেছেন, তিনি ও পথে পা বাড়াবেন না।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্যামেরনের উপার্জন ও কর পরিশোধের তথ্য গত রোববার প্রকাশ করা হয়। যুক্তরাজ্যের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ পদক্ষেপ নেন। অফশোর তহবিলে তাঁর প্রয়াত বাবা ইয়ান ক্যামেরনের বিনিয়োগ নিয়ে বিতর্ক ওঠার পর এ ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি পানামাভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার লাখ লাখ নথি ফাঁস হলে কর ফাঁকি দিতে বিশ্বের শীর্ষ রাজনীতিকসহ বিভিন্ন ব্যক্তির অফশোর কোম্পানিতে বিনিয়োগের যেসব তথ্য প্রকাশ পেয়ে যায়, তাঁদের মধ্যে ক্যামেরনের বাবাও ছিলেন।
অবশ্য, ব্যক্তিগত আয়করের হিসাব জনসমক্ষে প্রকাশ করলেও স্বস্তি ফেরেনি ক্যামেরনের। ২০১০ সালে বাবার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে পাওয়া তিন লাখ পাউন্ড এবং ২০১১ সালে মায়ের কাছ থেকে পাওয়া দুই লাখ পাউন্ড উপহারের বিশুদ্ধতা প্রমাণে ক্যামেরনের প্রতি চাপ অব্যাহত রয়েছে। দাবি উঠেছে, ক্যামেরন সরকারের সব মন্ত্রীর আয়কর বিবরণী প্রকাশের।
পানামা পেপারসে ফাঁস হওয়া কর ফাঁকির চিত্র যুক্তরাজ্যে যে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে, তা দেশটির রাজনীতিবিদদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। লেবার পার্টিসহ বিভিন্ন পক্ষ থেকে রাজনীতিবিদদের আয়কর বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার দাবি উঠেছে। এমন দাবি জোরালো করতে স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টারজিয়ন স্বপ্রণোদিত হয়ে রোববার নিজের আয়কর বিবরণী প্রকাশ করেন। পরে তাঁকে অনুসরণ করেন স্কটিশ লেবার পার্টির নেতা কেজিয়া ডাগডেইল এবং স্কটিশ কনজারভেটিভ পার্টির নেতা রুথ ডেভিডসনও।
তবে এ বিষয়ে এখনো সুস্পষ্ট সাড়া মেলেনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের পক্ষ থেকে। আর্থিক স্বচ্ছতা নিয়ে এক সপ্তাহ ধরে নানা সমালোচনার মধ্যে গতকাল সোমবার প্রধানমন্ত্রী ক্যামেরন পার্লামেন্টে এমপিদের মুখোমুখি হন।