ক্যামেরনের প্রতিশ্রুতি থেকে বাদ পড়ল অভিবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

যুক্তরাজ্যে আগামী ৭ মে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর দলের প‌ক্ষে প্রচারের জন্য যে ছয়টি বিষয়ের তালিকা প্রকাশ করেছেন, তাতে নেই অভিবাসন। দেশটির অধিকাংশ ভোটারের কাছে অভিবাসন সর্বোচ্চ উদ্বেগের বিষয় হওয়া সত্ত্বেও রক্ষণশীল কনজারভেটিভ দলের গুরুত্বের তালিকা থেকে বিষয়টি বাদ পড়ার ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন সমালোচকেরা।
গতকাল সোমবার কনজারভেটিভ দলের নেতা ক্যামেরন নির্বাচনী প্রচারে ক্ষমতাসীন কনজারভেটিভ দল কোন কোন বিষয়কে প্রাধান্য দেবে, তা ঘোষণা করেন। বিষয়গুলো হলো—বাজেট ঘাটতি মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, ট্যাক্সের হার কমানো, শিক্ষার উন্নয়ন, বাসস্থান-সংকট মোকাবিলা এবং অবসরগ্রহণকারীদের সেবা নিশ্চিত করা।
এ অবস্থায় নতুন করে সমালোচনায় পড়েছে ডেভিড ক্যামেরনের দল। সংশ্লিষ্টরা বলছেন, বিরোধী দল লেবার পার্টি এবং সরকারের অংশীদার লিবারেল ডেমোক্রেটস পার্টি জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) এবং ইমিগ্রেশনের মতো বিষয়গুলোকে ভোটারদের কাছে ভিন্ন রকম গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারে। এরই মধ্যে কথা উঠেছে, কয়েক সপ্তাহ ধরে এনএইচএসের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি-সেবা প্রদানে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তা নিয়ে টোরি দলের কোনো মাথাব্যথা নেই। চিকিৎসাসেবাকে তারা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় বলে দলটি তাদের নির্বাচনী প্রচারের তালিকায় বিষয়টিকে এড়িয়ে গেছে।

ডেভিড ক্যামেরন বলেন, এটা যেনতেন অর্থনৈতিক বিতর্কের বিষয় নয়, এটা এই দেশের মূল্যবোধের বিষয়। একটি জাতি হিসেবে বড় অঙ্কের ঋণের বোঝা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া আর তারা সেটা কখনো পরিশোধ করতে না পারা—এমন পরিস্থিতি কারও কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নতুন করে অর্থ ধার করে সরকারের ব্যয় বৃদ্ধির ফল হবে অর্থনৈতিক অস্থিতিশীলতা।
কনজারভেটিভ দলের একজন মুখপাত্র বলেন, আগামী মাসগুলোতে এনএইচএস এবং ইমিগ্রেশন বিষয়ে পুরোমাত্রায় বিতর্ক হবে। ওই বিতর্ক থেকে কনজারভেটিভও পিছিয়ে থাকবে না। তবে তিনি বলেন, বাজেট ঘাটতি মোকাবিলা এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ের ওপর নির্ভর করছে এনএইচএসের সেবার মান। আর কনজারভেটিভ পার্টি অর্থনৈতিক অগ্রগতির দিকেই বেশি নজর দিচ্ছে।