ক্যামেরনের মন্ত্রিসভায় নির্বাচনমুখী রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে সাধারণ নির্বাচনের ১০ মাস আগে ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর কনজারভেটিভ পার্টির রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্ট করতে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটিয়েছেন। এই রদবদলে সবচেয়ে লক্ষণীয় হলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সম্পর্ককে নতুনভাবে রূপায়িত করার চেষ্টা, পরিবেশবাদী নীতির পরিবর্তে অধিকতর ব্যবসাবান্ধব সংস্কারে গুরুত্বারোপ ও পূর্ণমন্ত্রীর মর্যাদায় নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি।

মন্ত্রিসভার রদবদলে বৈশ্বিক পরিসরে যে পরিবর্তন সহজেই চোখে পড়বে তা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে উইলিয়াম হেগের সরে দাঁড়ানো এবং তাঁর জায়গায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে নিয়োগ। হেগ ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান কাঠামোয় সংস্কারের সমর্থক হলেও জোট ত্যাগের বিরুদ্ধে। অন্যদিকে হ্যামন্ড প্রকাশ্যেই ব্রিটিশ দাবি অনুযায়ী সংস্কার না হলে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে তাঁর মত প্রকাশ করেছেন। হেগ পার্লামেন্টের বর্তমান মেয়াদ শেষে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। এর আগ পর্যন্ত  তিনি হাউস অব কমন্সে লিডার অব দ্য হাউস হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউরোপীয় ইউনিয়নের একজন বড় সমর্থক কেনেথ ক্লার্কও মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন।

অ্যাটর্নি জেনারেল পদে পরিবর্তনকেও বিদায়ী ডোমিনিক গ্রিভের ইউরোপীয় মানবাধিকার আইন বিষয়ে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির খেসারত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

গত মে মাসে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নবিরোধী রাজনৈতিক দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির (ইউকিপ) সাফল্যের পটভূমিতে ইউরোপ প্রশ্নে কনজারভেটিভ দলের অবস্থান স্পষ্ট করতে ইঙ্গিত এই রদবদলে প্রতিফলিত হয়েছে। 

বাংলাদেশের রাজনৈতিক সংকটে আপসরফার লক্ষ্যে চাপ সৃষ্টির জন্য পরিচিত আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান তাঁর পদ হারিয়েছেন। তবে ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্যতম চমক সৃষ্টিকারী পরিবর্তন হচ্ছে শিক্ষামন্ত্রী পদে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং বলিষ্ঠ সংস্কারক হিসেবে দলের মধ্যে সমাদৃত কিন্তু শিক্ষক ও অভিভাবকদের বৃহদাংশে সমালোচিত মাইকেল গোভকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।

দল এবং সরকারে নারী প্রতিনিধিত্বের স্বল্পতার জন্য প্রধানমন্ত্রী ক্যামেরন তাঁর এই রদবদলে দুজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রীর পদে উন্নীত করে এবং নতুন প্রতিমন্ত্রী নিয়োগের মাধ্যমে প্রায় ১০ জন নারীকে প্রথম সারিতে স্থান দিয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রী লিজ ট্রাস হয়েছেন নতুন পরিবেশমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী নিকি মরগান হয়েছেন শিক্ষামন্ত্রী। বহুজাতিক জ্বালানি কোম্পানি শেলের একজন সাবেক কর্মকর্তা লিজ ট্রাসকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান এবং পররাষ্ট্র দপ্তর থেকে উইলিয়াম হেগের বিদায়কে ‘গার্ডিয়ান’-এর পরিবেশবিষয়ক সম্পাদক মন্ত্রিসভা থেকে শেষ দুজন পরিবেশবাদীর বিদায় হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী ক্যামেরনের মন্ত্রিসভার এই সর্বসাম্প্রতিক রদবদলকে বিরোধী দল লেবার পার্টি মধ্যপন্থীদের গণ-অপসারণ এবং ইউরোপ ও অন্যান্য ইস্যুতে ডানপন্থায় ঝুঁকে পড়া বলে অভিহিত করেছে। বিবিসি এই রদবদলকে নির্বাচনকে সামনে রেখে কনজারভেটিভ পার্টির ‘পুরুষ, মলিন এবং মেয়াদোত্তীর্ণ’ (মেল, পেল অ্যান্ড স্টেল) রাজনীতিকদের বিদায় বলে অভিহিত করেছে।