ব্রিটিশ সরকারের ‘চাইল্ড বেনিফিট’ বা ‘সন্তানের জন্য সরকারি ভাতা’ কর্মসূচি হ্রাস করার পরিকল্পনা ঘোষণার পর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সোমবার সরকারের এই পরিকল্পনার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী জর্জ অসবর্ন। ব্যাপক বাজেট ঘাটতি মোকাবিলায় ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সন্তানদের জন্য সরকারি ভাতা কর্মসূচির আওতা কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।অর্থমন্ত্রী জানান, যেসব বাবা-মা বছরে ৪৪ হাজার পাউন্ডের বেশি আয় করেন, তাঁরা ২০১৩ সাল থেকে এই সরকারি ভাতা পাবেন না। এতে দেশটির প্রায় ১২ লাখ পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হবে। তবে ওই ঘোষণার পরপরই শিশুবিষয়ক মন্ত্রী টিম লাফটন জানান, পরিকল্পনাটি পর্যালোচনা করা হবে।সরকারের এই পরিকল্পনার সমালোচনা করে বিরোধী লেবার পার্টির নেতা ও আইনপ্রণেতা ইভেত্তে কুপার বলেন, ‘এটা সরকারি শিশু-ভাতার (চাইল্ড বেনিফিট) বিরুদ্ধে এক অশোভন পদক্ষেপ।’সরকারের এই পরিকল্পনায় কনজারভেটিভ পার্টির নেতাদের অনেকেই ক্ষুব্ধ। সমালোচনার জবাবে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিবারগুলোকে সাহায্য করতে চায়। কিন্তু বিপুল ঘাটতিও মোকাবিলা করতে হবে। বিবিসি, টেলিগ্রাফ অনলাইন।