ক্যামেরনের সাবেক প্রেমিকা এখন সন্ন্যাসিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ন্যাসিনীর জীবন বেছে নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক প্রেমিকা লরা অ্যাডশেড। তাঁর নাম এখন জন মেরি। লন্ডনে কনজারভেটিভ পার্টির সদর দপ্তরের সাবেক কর্মী লরাকে নিয়ে নির্মিত নতুন একটি প্রামাণ্যচিত্রে এ তথ্য রয়েছে। লরার সঙ্গে ক্যামেরনের পরিচয় হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। উচ্চাভিলাষী তরুণ ক্যামেরন তখন পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করতেন কনজারভেটিভ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। ১৯৯০ সালের বসন্ত থেকে পরের বছরের গ্রীষ্ম পর্যন্ত গভীর অন্তরঙ্গতা ছিল লরা ও ক্যামেরনের। তখনকার প্রধানমন্ত্রী জন মেজরের চিঠিপত্রবিষয়ক সচিবের দায়িত্ব পেয়েছিলেন লরা। কিন্তু পরবর্তী সময়ে ক্যামেরন ও তাঁর জীবনের পথ বদলে যায়। ক্যামেরন রাজনৈতিক তারকার মর্যাদা লাভ করেন। অপরদিকে দলীয় রাজনীতি ছেড়ে দিয়ে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লরা। একসময় তিনি সেখানে একটি বিজ্ঞাপনী সংস্থার নির্বাহী পদে যোগ দেন। তবে সাফল্যের চাপ ও ব্যক্তিগত অন্যান্য বিপর্যয় তাঁকে মাদকাসক্তির দিকে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রে থাকতেই ২০০৮ সালে তিনি ধর্মের প্রতি আকৃষ্ট হন। অনেকে মনে করেন, ক্যামেরনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াই লরার এ পরিণতির কারণ। এএনআই।