ক্যামেরনের সামনে কঠিন পথ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের বিরাট সাফল্যকে নীরব রক্ষণশীলদের স্মরণীয় বিজয় বলে উল্লেখ করেছে দেশের সংবাদ মাধ্যম।
তবে পত্রপত্রিকায় এ আভাসও দেওয়া হয়েছে যে স্কটল্যান্ডকে ধরে রাখা যেমন ক্যামেরনের জন্য দায় হবে, তেমনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঝক্কি-ঝামেলা সামাল দেওয়াও সহজ কাজ হবে না।
পত্রপত্রিকার সম্পাদকীয় ও মতামতে এই বলে সতর্ক করা হয়েছে, যদিও প্রথম মেয়াদের চেয়ে এবার ক্যামেরন ও তাঁর দলের বিজয় অনেক বড়, এরপরও মধ্য ডানপন্থী এই রক্ষণশীল নেতাকে তাঁর সরকার চালাতে বেশ হিমশিম খেতে হবে। ডানপন্থী লিবারেল ডেমোক্র্যাটস (লিবডেম) দলের সঙ্গে জোট করে ক্ষমতায় থেকেছেন মধ্য ডানপন্থী কনজারভেটিভরা। এবার তারা নিজেরাই সরকার গঠন করতে পারবে। যুক্তরাজ্যের স্যাটারডে নিউজ পেপার বলছে, যুক্তরাজ্যে স্কটল্যান্ডকে রাখা ও ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনকে রাখা ক্যামেরনের জন্য কঠিন হয়ে পড়বে। পত্রিকাটি সতর্ক করেছে, পরাজয়ের পরে লেবার ও লিবারেল ডেমোক্র্যাটস দল পুনর্গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলের নেতার পদত্যাগ এমনই আভাস দেয়।
দ্য টাইমস পত্রিকা বলছে, রাষ্ট্রপরিচালনায় প্রতি মুহূর্তে ক্যামেরনকে দক্ষতার প্রমাণ দিতে হবে। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরোজ্যর ভোটাররা স্কটল্যান্ড ইস্যুতে এক ধরনের বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা করছে। বামপন্থী স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৯টি স্কটিশ আসনের মধ্যে ৫৬ টিতে জিতেছে। ক্যামেরনের আসল কাজ হলো স্কটল্যান্ড নিয়ে। আর স্কটল্যান্ডকে যুক্তরাজ্যে রাখা তাঁর জন্য খুব সহজ হবে না।
নির্বাচনে লেবার দলের সমর্থক দ্য গার্ডিয়ান বলছে, ক্যামেরন অতীতে ইইউর সহযোগীদের সঙ্গে বৈরিতার সৃষ্টি করলেও এখন তাঁদের সঙ্গে সমঝোতা করতে হবে। নির্বাচনের আগে ক্যামেরন বলেছিলেন, ব্রাসেলসের সঙ্গে লন্ডনের সম্পর্কে সংস্কার এনেই তবে ভোটারদের দ্বারস্থ হবেন তিনি। তিনি চান সংস্কার হওয়া ইইউতে যুক্তরাজ্য থেকে যাক। আর এটিই এখন তাঁকে বাস্তবায়ন করতে হবে।
নির্বাচনে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটের মধ্যে জোটগঠনের প্রত্যাশা করেছিল দ্য ইনডিপেনডেন্ট। ইনডিপেনডেন্ট বলছে, নির্বাচনে ক্যামেরনের কনজারভেটিভ দলের নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে অদ্ভুতভাবে লিবারেলদের মৃত্যু হয়েছে। পতনের মুখে পড়েছে লিবডেম দলও। এতে করে লিবারেল ও লিবডেম দলের মধ্যে জোট গড়ার এক ধরনের সম্ভাবনা দেখা দিতে পারে।
দ্য ফিনান্সিয়াল টাইমস বলছে, যুক্তরাজ্যকে এক করা ও ইইউ ব্রিটেনকে রাখতে পারলেই দ্বিতীয় মেয়াদে সফল হবেন ক্যামেরন।
তবে নির্বাচনে কনজারভেটিভ দলকে সমর্থন দেওয়া পত্রিকাগুলোতে ক্যামেরনকে অভিনন্দন জানাতে ব্যস্ত ছিল। ডেইলি মেইল ক্যামেরনের উদ্দেশে বলেছে, ‘এটা আপনাদেরই বিজয়।’ পত্রিকায় লেখা হয়েছে কীভাবে ইংল্যান্ডের মধ্যবিত্ত শ্রেণি নির্বাচনের পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করল। পত্রিকায় কটাক্ষ করে বলা হয়েছে, এই ভোটাররা এড মিলিব্যান্ডের কবল থেকে জাতিকে রক্ষা করেছে।
আরও জানতে পড়ুন:
জিতলেও কঠিন সময় ক্যামেরনের সামনে