ক্যালিফোর্নিয়া সফরে উইলিয়াম-কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর শুরু করেছেন। নয় দিনের কানাডা সফর শেষে তাঁরা গত শুক্রবার ক্যালিফোর্নিয়া পৌঁছান। তিন দিনের সফরের প্রথম দিন রাজকীয় এ দম্পতি দুটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। বিমান থেকে অবতরণের পর তাঁরা ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ করতে বেভারলি হিলস যান। সেখানে একটি সম্মেলনকক্ষে প্রায় ৩০০ ব্যক্তি উইলিয়াম ও কেটকে ক্যালিফোর্নিয়ার ঐতিহ্য অনুসারে স্বাগত জানান। যুক্তরাজ্যের নতুন গণমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ব্যাপারে সেখানে আলোচনা হয়। তবে প্রিন্স উইলিয়াম কিংবা কেট এ সময় কোনো কথা বলেননি। এরপর রাজকীয় দম্পতি লস অ্যাঞ্জেলেসে ব্রিটিশ কনসাল জেনারেলের বাসভবনে যান। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁদের স্বাগত জানানো হয়। মার্কিন গণমাধ্যমের পক্ষ থেকে এ দম্পতির ভিডিওচিত্র ধারণের জন্য এ সময় মাথার ওপর পাঁচটি হেলিকপ্টার চক্কর দেয়। উইলিয়াম ও কেট ব্রিটিশ কনসাল জেনারেলের বাসভবনের বাগানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রায় ২০০ অতিথি এতে উপস্থিত ছিলেন। সেখানে বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ডেভিড বেকহাম ও স্টিফেন ফ্রাইয়ের মতো তারকারাও উপস্থিত ছিলেন। লস অ্যাঞ্জেলেস সফরকালে উইলিয়াম-কেট এ বাসভবনে অবস্থান করবেন। বিবিসি ও রয়টার্স।