ক্যালিফোর্নিয়ার উপকূলে লাখ লাখ মৃত মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাগর উপকূলে গত মঙ্গলবার ছোট আকৃতির লাখ লাখ মৃত মাছ ভেসে উঠেছে। তা দেখে অবাক স্থানীয় জেলেরা, উদ্বিগ্ন পরিবেশবিদেরা। গত কয়েক মাসে সাগরতীরে মাছের ব্যাপক মড়কের এটি তৃতীয় ঘটনা। মঙ্গলবার সকালে ক্যালিফোর্নিয়ার রেডনডো বিচে গিয়ে জেলেরা দেখতে পান, সাগরের বিশাল এলাকাজুড়ে বিভিন্ন প্রজাতির লাখ লাখ মৃত মাছ পড়ে আছে। রাশি রাশি মৃত মাছ ঠেলে জেলেদের নৌকাগুলো যেতে পারছিল না।রেডনডো বিচের পুলিশ সার্জেন্ট ফিল কেনান সাংবাদিকদের বলেন, ‘আমরা সাগরে বিভিন্ন প্রজাতির অজস্র মৃত মাছ পেয়েছি। মাছগুলো স্রোতের টানে তীরের দিকে ভেসে আসে।’মাছের এই ব্যাপক মড়কের কারণ এখনো খুঁজে পাননি বিশেষজ্ঞরা। এ ব্যাপারে ক্যালিফোর্নিয়ার মৎস্য বিভাগের মুখপাত্র অ্যান্ড্রু হুগান বলেন, ‘পানিতে দ্রবীভূত অক্সিজেনের অভাবে এসব মাছ মরেছে বলে ধারণা করা হচ্ছে। আলামত দেখে তা-ই মনে হচ্ছে। এতে তেল বা রাসায়নিক পদার্থ নিঃসরণের কোনো ব্যাপার নেই।’ যুক্তরাষ্ট্রে গত কয়েক মাসে হঠাৎ করে বিপুলসংখ্যক মাছ-পাখিসহ বিভিন্ন প্রাণী মরে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।আরকানসে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনই প্রায় তিন হাজার পাখি রহস্যজনকভাবে মারা পড়ে। এর কয়েক দিন পর লুইজিয়ানায় লাল ডানাওয়ালা প্রায় ৫০০ মৃত পাখি আকাশ থেকে পড়ে। এ বছরের শুরুর দিকে আরকানস নদীর তীরে ৮০ হাজার থেকে এক লাখ মরা মাছ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী ভেসে আসে। এসব ঘটনা মার্কিন প্রাণী ও পরিবেশবিদদের ভাবিয়ে তুলেছে। ডেইলি মেইল অনলাইন।