যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার সকালে তা ৪২৪ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে অঙ্গরাজ্যের বিখ্যাত মাইল এলাকা পুড়ে যায়। হাজারো ঘরবাড়ি আগুনের হুমকির মুখে রয়েছে। বেশ কয়েকটি বাড়ি পুড়েও গেছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে দুই হাজার অগ্নিনির্বাপণকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দাবানলের কারণে পর্যটনের ভরা মৌসুমে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজারো পর্যটককে কর্তৃপক্ষ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ইয়োসেমিটি পার্কের মুখপাত্র ক্যারি কোব বার্তা সংস্থা এপিকে দাবানলের ভয়াবহতা বোঝাতে একে দৈত্যের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমরা একটা দৈত্যকে দেখছি। পরিস্থিতি ভয়াবহ। আগুনের লেলিহান শিখা ইতিমধ্যে আমাদের পার্কের একটা অংশ পুড়িয়ে দিয়েছে। আগুন কেন্দ্রের দিকে ধেয়ে আসছে। তবে এখনো পর্যটকদের মূল আকর্ষণের স্থান থেকে প্রায় ২০ মাইল দূরে রয়েছে।’মুখপাত্র কোব জানান, পার্কের পশ্চিম পাশে তিনটি প্রবেশপথের একটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে গ্রীষ্মকালে প্রতিদিন গড়ে ১৫ হাজার পর্যটক আসা-যাওয়া করত। ইয়োসেমিটি পার্কের পশ্চিমের স্টেনিসলাউস ন্যাশনাল ফরেস্টে এ দাবানলের সূত্রপাত হয়। বন বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, দাবানলে সাড়ে চার হাজার ঘরবাড়ি, হোটেল ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। শুক্রবার পর্যন্ত ঝুঁকির মুখে থাকা বাড়ি ও প্রতিষ্ঠানের সংখ্যা ছিল আড়াই হাজার।কর্মকর্তারা ঝুঁকির মুখে থাকা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। স্থানীয় লোকজন বলেছেন, সাধারণত এ সময় ওই এলাকায় বিপুলসংখ্যক পর্যটকের আসেন। কিন্তু ভয়াবহ দাবানলের কারণে এখন এলাকাটি পর্যটকশূন্য। পর্যটন ব্যবসা লাটে ওঠায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। বন বিভাগের মুখপাত্র লি বেন্টলি সিবিএস নিউজকে বলেন, ‘মুশকিল হলো এ দাবানল কোনো নির্দিষ্ট দিকে নয়, বরং সব দিকেই ছড়িয়ে পড়ছে। এ ছাড়া এলাকাটি পাহাড়ি। ফলে অগ্নিনির্বাপক কর্মীদের কাজ ব্যাহত হচ্ছে।’ বিবিসি।