ক্যালিফোর্নিয়ায় খরা জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ব্যাপক খরার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার গভর্নর জেরি ব্রাউন গত শুক্রবার এ ঘোষণা দেন।
ক্যালিফোর্নিয়ায় এটি সম্ভবত গত এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা। এ খরাজনিত দাবানলেও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জরুরি অবস্থা ঘোষণার ফলে স্থানীয় কর্তৃপক্ষ এখন খরা ও দাবানল মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা নিতে পারবে। লস অ্যাঞ্জেলেসের বাইরে দাবানল গত বৃহস্পতিবার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এতে বহু বাড়িঘর পুড়ে যায়। স্থানীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রাউন তাঁর রাজ্যের লোকজনকে পানির ব্যবহার কমপক্ষে ২০ শতাংশ কমিয়ে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বৃষ্টি তৈরি করার সাধ্য আমাদের নেই। কিন্তু আমরা এই অনাবৃষ্টির পরিণাম মোকাবিলায় আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত রাখতে পারি।’
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এ নিয়ে টানা তৃতীয় শুষ্ক শীতকাল পার করছে। স্থানীয় বিভিন্ন নদী ও জলাধারের পানির স্তর অনেক নিচে নেমে গেছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে গ্রীষ্মকালে প্রায় নিয়মিত দাবানল আঘাত হানে। কিন্তু সম্প্রতি কয়েক বছর ধরে শীতকালে দাবানলের মতো ব্যতিক্রমী ব্যাপার ঘটছে। এএফপি ও বিবিসি