ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ, দুই শতাধিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে ওয়াল-স্ট্রিটবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের তিন কর্মকর্তা ও একজন আন্দোলনকারী আহত হয়েছেন। এ ছাড়া দুই শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার দুপরে একটি বন্ধ কনভেনশন সেন্টার দখল করে নিতে গেলে ওকল্যান্ডের রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষ হয়। পুলিশের নিষেধ অমান্য করে কয়েক শ আন্দোলনকারী ওকল্যান্ডের কেন্দ্রস্থলে হেনরি কাইজার কনভেনশন সেন্টারে ভাঙচুর চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল, পাইপ, পাথর, তাৎক্ষণিক তৈরি বিস্ফোরক ও জ্বলন্ত বস্তু ছুড়ে মারে। এ সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তত এক হাজার আন্দোলনকারী প্রথমে শান্তিপূর্ণভাবে কনভেনশন সেন্টারের দিকে যায়। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বন্ধ সেন্টারটির ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ বলছে, একপর্যায়ে আন্দোলনকারীরা উন্মত্ত হয়ে ওঠে। তখন কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়। এএফপি।